মেয়র কার্যালয়ে যাওয়ার খবরে যুবলীগের বিক্ষোভ
পাবনার ঈশ্বরদীর পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ তাঁর কার্যালয়ে যাবেন—এ খবরে গতকাল বুধবার যুবলীগের নেতা-কর্মীরা তাঁর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। এদিকে মেয়র আবুল কালাম আজাদ পৌর কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করেছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, জামিন পাওয়ার পর গতকাল মেয়র আবুল কালাম আজাদ পৌর কার্যালয়ে যাওয়ার প্রস্তুতি নেন। খবর পেয়ে পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন-সমর্থিত যুবলীগের নেতা-কর্মীরাও সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পৌর কার্যালয়ে যাওয়ার রাস্তা পোস্ট অফিস মোড়ে অবস্থান নেন। দুপুর ১২টার দিকে যুবলীগের নেত-কর্মীরা মেয়র কার্যালয়ে আসছেন—এ খবরে সেখানে বিক্ষোভ করেন। সেখানে পুলিশও অবস্থান করছিল। বেলা একটার দিকে মেয়র কার্যালয়ে যান। তিনি জামিন পাওয়ার পর পৌর কার্যালয়ে প্রথম আসায় পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও মেয়রের অনুসারীরা তাঁকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।
এদিকে সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ বলেন, ‘অনুমোদনহীন ও কার্যক্রম স্থগিত করা ঈশ্বরদীর যুবলীগ কমিটির কিছু নেতা-কর্মী তাঁকে জীবননাশের হুমকি দিচ্ছেন। সংবাদ সম্মেলনে তাঁর স্ত্রী মাহজেবীন শিরিন উপস্থিত ছিলেন।
জীবনের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের হস্তক্ষেপ কামনা করে আবুল কালাম আজাদ বলেন, তাঁকে কার্যালয়ে ঢুকতে বাধা দিতেই পোস্ট অফিস মোড়ে যুবলীগের নেতা-কর্মীরা অবস্থান নেন। তবে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘আমরা কাউকে বাধা দেওয়ার জন্য মিছিল করিনি।’