মেয়র নাছিরের সমাবেশে যাননি সাবেক মেয়ররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালের ১১ সেপ্টেম্বর তৎকালীন মেয়র মোহাম্মদ মনজুর আলমের সময় সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। কিন্তু আজ সোমবার মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়র হওয়ার এক বছর পূর্তিতে উন্নয়ন কার্যক্রম অবহিত করার লক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে সাবেক মেয়রদের কাউকে দেখা যায়নি। ছিলেন না নগরের স্থানীয় সাংসদেরাও।

এ প্রসঙ্গে জানতে চাইলে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশনের এক কর্মকর্তা একটি কার্ড দিয়ে গিয়েছিলেন। কিন্তু আমাদের দাওয়াত দেওয়ার বিষয়টি মেয়র কিংবা করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেউ হয়তো জানতেন না। কেননা কেউ তো ফোনও করেননি।’
এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘সংসদ সদস্য ও সাবেক মেয়রদের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা কেন আসেননি তা জানি না।’
আজ সোমবার চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সিটি করপোরেশন এ সমাবেশের আয়োজন করে। সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অনুষ্ঠানের শুরুতে সিটি করপোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডের ওপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পরে স্বাগত বক্তব্য দেন প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম। এরপর বক্তব্য দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, ‘মেয়র হিসেবে মন্ত্রীর স্ট্যাটাস (পদমর্যাদা) আমার কাছে মুখ্য বিষয় নয়। মেয়রের দায়িত্ব পালনে এই স্ট্যাটাস কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়নি, হচ্ছে না—হবেও না। নগরবাসীর প্রত্যাশা অনুযায়ী বিশ্বমানের নগর উপহার দিতে পারলে সেটিই হবে আমার কাছে বড় স্ট্যাটাস।’
কাজের মূল্যায়নের জন্য এক বছর যথেষ্ট সময় নয় উল্লেখ করে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আমি ভালোভাবেই শুরু করেছি। শতভাগ ভালো করার জন্য সবার সহযোগিতা ও পরামর্শ চাই। আর চ্যালেঞ্জ দিয়ে বলছি, গত এক বছর শতভাগ স্বচ্ছতা, সততা ও জবাবদিহির মাধ্যমে সিটি করপোরেশন পরিচালনা করেছি। আগামী দিনেও একইভাবে দায়িত্ব পালন করে যাব।’ তিনি বলেন, ‘নগরের উন্নয়নে তিন বছরের একটি সময়সীমা নির্ধারণ করেছি। এর মধ্যেই সিটি করপোরেশনের প্রতি নগরবাসীর যে অধিকার, তা বাস্তবায়ন করব।’
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা সম্পর্কে মেয়র বলেন, গত বছরের মতো একই পরিমাণ বৃষ্টি হলেও এ বছর কোথাও জলজট হয়নি। নগরের জলাবদ্ধতা নিরসনে বড় আকারের প্রকল্প নিতে হবে; যা বাস্তবায়নের করার সক্ষমতা সিটি করপোরেশনের নেই। তাই পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলামের সঙ্গে আলোচনা করে আড়াই হাজার কোটি টাকার একটি প্রকল্প তৈরি করা হচ্ছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে এই প্রকল্প বাস্তবায়িত হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে নগরের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে।
বিভিন্ন কার্যক্রমে আমলাতান্ত্রিক জটিলতার কথা উল্লেখ করে মেয়র বলেন, ‘বলাটা অত্যন্ত সহজ। কিন্তু কাজ আদায় করা এবং বাস্তবায়ন করা অনেক অনেক কঠিন। সিটি করপোরেশনের কাজের পরিধি বেড়েছে। কিন্তু লোকবল নিয়োগ দেওয়ার অধিকার আমার নেই। এ জন্য নতুন অর্গানোগ্রাম অনুমোদন করতে হবে। কিন্তু এটি কবে অনুমোদন হবে তা মহান রাব্বুল আলামিন জানেন।’
সুধী সমাবেশে কাউন্সিলরদের মধ্যে বক্তব্য দেন করপোরেশনের তিন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, জোবাইরা নার্গিস খান, নিছার উদ্দিন আহমেদ প্রমুখ।