মেয়র নির্বাচন করতে গিয়ে দল হারালেন রাশেদ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচন করতে গিয়ে দল থেকে বহিষ্কার হয়েছেন কল্যাণ পার্টির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে থাকা রাশেদ ফেরদৌস। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় তাঁকে দল থেকে বহিষ্কার করেছে কল্যাণ পার্টি। আজ সোমবার দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।
২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী গতকাল রোববার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর দেখা গেছে, ২০-দলীয় জোটের প্রধান শরিক বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানের পাশাপাশি এলডিপির প্রার্থী কামাল প্রধান এবং কল্যাণ পার্টির প্রার্থী রাশেদ ফেরদৌসও মেয়র পদে বৈধ প্রার্থী হিসেবে আছেন।
গত ২৯ নভেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে জোটের শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, জোটের সব দল মেয়র পদে বিএনপির প্রার্থীকে সমর্থন জানাবে। কল্যাণ পার্টি ও এলডিপির প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন।
জানতে চাইলে বিএনপির নারায়ণগঞ্জ সিটি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গতকাল রোববার প্রথম আলোকে বলেছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ২০-দলীয় জোটের একক প্রার্থীই থাকবে। এলডিপি ও কল্যাণ পার্টি তাদের প্রার্থীকে ‘ওন’ করবে না। তা ছাড়া রাজনীতিতে কিছু কৌশলও থাকে।