মেয়র পদ ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা হচ্ছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ পৌর নির্বাচনে মেয়র পদগুলো ছিনিয়ে নেওয়ার কুমতলবে নিরবচ্ছিন্নভাবে বিএনপির মেয়র প্রার্থী ও তাঁর সমর্থক, নেতা-কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালাচ্ছে। এতে আওয়ামী লীগের প্রতিহিংসাপরায়ণ চরিত্র জাতির সামনে আরও বেশি মাত্রায় স্পষ্ট হচ্ছে।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এ কথা বলেন।

বিবৃতিতে অভিযোগ করা হয়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলামকে পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে। গতরাতে একই কায়দায় দিনাজপুরের বিরামপুর পৌরসভা নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আজাদুল ইসলামকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়েছে। মির্জা ফখরুল এসব ঘটনার নিন্দা জানান।