নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে প্রার্থী করার সিদ্ধান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা সার্কিট হাউস মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীলের সভাপতিত্বে সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহাসহ নগরীর ২৭টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।
সভা শেষে চন্দন শীল জানান, তৃণমূল কর্মীদের সমর্থনের পরিপ্রেক্ষিতে দলীয় প্রার্থী হিসেবে আনোয়ার হোসেনের নাম পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। তবে যেহেতু কেন্দ্র থেকে তিনজনের নাম চাওয়া হয়েছে, তাই আরও দুজনের নামসহ কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। অন্য দুজন হলেন বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশীদ ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান। বর্তমান মেয়র সেলিনা হায়াত আইভীর নাম সভায় আলোচনা হয়েছে কি না, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আনোয়ার হোসেন ছাড়া অন্য কোনো নাম কেউ প্রস্তাব করেননি।
আনোয়ার হোসেন বলেন, ‘তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি তৃণমূলের সমর্থন। এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে। মনোনয়ন দিলে আল্লাহর ইচ্ছায় জয়লাভ করব। আমি শতভাগ আশাবাদী মনোনয়ন পাব।’