মেয়র পদে বিএনপির এক, আ.লীগের চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার প্রায় ১৬ বছর পর সিলেটের বিয়ানীবাজার পৌরসভায় প্রথম নির্বাচন এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে সব রাজনৈতিক দলের মধ্যেই ব্যাপক উৎসাহ–উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তবে মেয়র পদে মাত্র একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় আওয়ামী লীগের চেয়ে বিএনপি সুবিধাজনক অবস্থায় রয়েছে।
জানা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে চারজন মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এঁদের মধ্যে তিনজন ‘বিদ্রোহী’ প্রার্থী। এ ছাড়া মেয়র পদে জাতীয় পার্টি, জমিয়ত, জাসদ এবং বর্তমান পৌর প্রশাসক ও জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
নির্বাচনে মেয়র পদে ১১ জন, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৮১ জন ও সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী মিলিয়ে মোট ১০০ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন গতকাল বিকেলে জানান, ঘোষিত তফসিল অনুযায়ী ২৫ এপ্রিল পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল গতকাল। কাল ২৯ মার্চ বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেখ তারিখ ৫ এপ্রিল।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে মেয়র পদে বিএনপির মনোনয়নপত্র দাখিল করেছেন পৌর বিএনপির সভাপতি আবু নাসের। আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শুকুর আলী। স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কাশেম ও পৌর আওয়ামী লীগের সদস্য আমান উদ্দিন। জাতীয় পার্টির (এরশাদ) আহ্বায়ক সাহেদ আহমদ, জাসদ থেকে শমসের আলম, জমিয়তে উলামায়ে ইসলাম থেকে মাওলানা শামীম আহমদ এবং পৌর জামায়াতের সাবেক আমির মাওলানা জমির হোসাইন, পৌরসভার বর্তমান প্রশাসক তফজ্জুল হোসেন ও পৌরসভায় অন্তর্ভুক্ত সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদ আহমদ স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, দলের ভেতর একাধিকজনের মনোনয়ন দাখিলের চেষ্টা থাকলে শুরুর দিক থেকে একক প্রার্থীর সুবিধা মেলে না। বিএনপি এবার শুরু থেকে এ সুবিধা নিয়ে ফলাফল ঘরে তুলবে বলে মনে করছেন তিনি।
‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান বলেন, দলের প্রতি অনুগত থাকলে দল–সমর্থিত প্রার্থীকে মেনে নিয়ে তাঁর পক্ষে থাকতে হবে। অন্যথায় দলীয় শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।