মেয়র পদে শাহাদাতকে সমর্থন দেওয়ার দাবি
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে শাহাদাত হোসেনকে মেয়র পদে সমর্থন দেওয়ার দাবিতে নগর ছাত্রদল গতকাল মঙ্গলবার বিক্ষোভ করেছে। মিছিলটি নগরের প্রবর্ত্তক মোড়ের এক কিলোমিটার দূরে মেহেদীবাগে আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনের ফটকের সামনে গিয়ে দাঁড়ায়। সেখানে ছাত্রদল সংক্ষিপ্ত সমাবেশ করলেও কেউ আমীর খসরুর সঙ্গে সাক্ষাৎ করেননি।
এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১০ জন নেতা-কর্মী বর্তমান মেয়র মোহাম্মদ মন্জুর আলমের কুশপুত্তলিকা পুড়িয়েছেন।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে আগ্রহী বর্তমান মেয়র মন্জুর আলম ও নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।
দলীয় সূত্র জানায়, শাহাদাতের সমর্থনে গতকাল বিকেল চারটায় নগর ছাত্রদলের আটজন কর্মী একটি বিক্ষোভ মিছিল বের করেন। এর আগে বেলা দেড়টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১০ কর্মী বর্তমান মেয়র মন্জুর আলমের কুশপুত্তলিকা দাহ করেন।
মেহেদীবাগে আমীর খসরুর বাসভবনের ফটকের সামনে নগর ছাত্রদলের নেতা-কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। তাঁরা শাহাদাত হোসেনকে প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ার দাবি জানান। সমাবেশে বক্তৃতা করেন নগর ছাত্রদলের সহসভাপতি জসিমউদ্দিন।