মেয়র প্রার্থিতা নিয়ে জাপার কার্যালয়ে অপ্রীতিকর ঘটনা
আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে উত্তরের দলীয় প্রার্থিতা নিয়ে জাতীয় পার্টির (জাপা) বানানীর কার্যালয়ে কেন্দ্রীয় দুই নেতার মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার এইচ এম এরশাদের উপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্য এস এম ফয়সাল চিশতি ও সাংগঠনিক সম্পাদক মোস্তাকুর রহমানের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে অস্ত্র প্রদর্শন করা হয়েছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।
দুপুর ১২টার দিকে জাপার শতাধিক নেতা-কর্মী ঢাকা উত্তর থেকে দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা ববি হাজ্জাজকে প্রার্থী করার দাবিতে মিছিল নিয়ে বনানী কার্যালয়ে আসেন। ওই মিছিলের নেপথ্যে থাকা মোস্তাকুর রহমানকে এরশাদ নিজ কক্ষে ডেকে নিয়ে মিছিলের বিষয়ে জানতে চান। তখন মোস্তাকুর রহমান ঢাকা উত্তর থেকে ববি হাজ্জাজকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। এ সময় ওই কক্ষে থাকা ফয়সাল চিশতি জানান যে বাহাউদ্দিন আহমেদকে এরই মধ্যে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ নিয়ে তাঁর সঙ্গে মোস্তাকুর রহমানের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ফয়সাল চিশতি কোমর থেকে পিস্তল বের করে মোস্তাকুর রহমানের দিকে তাক করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে এরশাদ পরিস্থিতি সামাল দেন।