মেয়র প্রার্থী দিচ্ছে নাগরিক ঐক্যও

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে প্রার্থী দিচ্ছে সম্প্রতি গঠিত রাজনৈতিক দল নাগরিক ঐক্য। দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য জিন্নুর আহমেদ চৌধুরীকে (দীপু) প্রার্থী করছে তারা।
আজ মঙ্গলবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জিন্নুরের পক্ষে মনোনয়নপত্র নেন দলটির আরেক কেন্দ্রীয় নেতা আতিকুর রহমান। জিন্নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ার সময় এসএম হল থেকে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হয়। তিনি বিভিন্ন সময় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ও জাতীয় সমাজতান্ত্রিক দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ট্রাভেল এজেন্সির ব্যবসার সঙ্গে যুক্ত। এই ব্যবসায়ীদের সংগঠন অ্যাটাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। নির্বাচন কমিশনে এই দলটির নিবন্ধিত নয়। ফলে এ দলের প্রার্থীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়তে হবে।
সম্প্রতি নাগরিক ঐক্য, বিকল্পধারা, জাসদ (রব) ও কৃষক শ্রমিক জনতা লীগ এই চারটি দল নিয়ে গঠিত হয়েছে যুক্তফ্রন্ট। তবে যুক্তফ্রন্ট জোটগত ভাবে কোনো প্রার্থী দেবে কি না তা এখনো চূড়ান্ত হয়নি।