মেয়র প্রার্থী দিতে পারল না জাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) মেয়র প্রার্থী দিতে পারেনি। দুর্বল সাংগঠনিক অবস্থা ও দলের জনপ্রিয়তা কমে যাওয়া প্রার্থী মনোনয়ন দিতে না পারার অন্যতম কারণ বলে দলের একাধিক সূত্র জানিয়েছে।
হারাগাছ জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, সেখানে দলের পৌর কমিটি রয়েছে। রয়েছে নয়টি ওয়ার্ড কমিটিও। কিন্তু দলের সাংগঠনিক অবস্থা দুর্বল। একাধিকবার বৈঠক করার পরও দল একজন মেয়র প্রার্থী বাছাই করতে পারেনি। এদিকে মেয়র প্রার্থী মনোনয়ন দিতে না পারায় দলের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ ও হতাশা দেখা দিয়েছে। এ অবস্থায় দলের অনেকে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন।
মাঠপর্যায়ের নেতা-কর্মীরা বলছেন, গণতন্ত্রের চর্চা না থাকা ও যোগ্য ব্যক্তিদের মূল্যায়ন না করায় দলের অবস্থা আর আগের মতো নেই। দেশের রাজনীতিতে রংপুরকে জাতীয় পার্টির ‘ঘাঁটি’ বলা হলেও সেখানে একজন মেয়র প্রার্থী মনোনয়ন দিতে পারল না দলটি। এটি দলের জন্য আরও বিপর্যয় ডেকে আনবে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা বলেন, জাতীয় পার্টির এই দুর্দশার জন্য নেতারাই দায়ী।
পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি এমদাদুল হক বলেন, জাতীয় পার্টির এলাকাই হলো রংপুর। কিন্তু সেই জায়গায় যদি মেয়র প্রার্থী দেওয়া না যায়, তাহলে কেমন করে দলের কাজ হবে। নির্বাচনে দলের নেতা-কর্মীদের কাজও থাকল না।
পৌর জাতীয় পার্টির সভাপতি নাজির হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘দলের আগের অবস্থা নেই। সময় দিতে পারি না। এখানে একজন যোগ্য মেয়র প্রার্থী মনোনয়ন দেওয়ার অনেক চেষ্টা করেছি। কিন্তু তা আর হয়ে উঠল না। এখন কী আর করার আছে।’
জেলা জাতীয় পার্টির সদস্যসচিব ও সাবেক সাংসদ আসিফ শাহরিয়ার বলেন, ‘প্রার্থী মনোনয়ন দেওয়া নিয়ে দলের মধ্যে একাধিকবার বৈঠক করা হয়েছে। সেখানে মেয়র প্রার্থী হতে কেউ রাজি হননি। এ ছাড়া যোগ্য প্রার্থী আমরা বাছাই করতে পারিনি—এ কথাও সত্য।’
হারাগাছ পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের হাকিবুর রহমান, বিএনপির ফারুক মোনায়েম, স্বতন্ত্র প্রার্থী (বর্তমান মেয়র) সাদাকাত হোসেন ও ইসলামী আন্দোলনের মো. জাহিদ হোসেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন গত সোমবার তাঁরা মনোনয়নপত্র দাখিল করেন। এ ছাড়া নয়টি ওয়ার্ডে ৩৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ১৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন।
আগামী ২০ মার্চ এ পৌরসভার নির্বাচন হবে। ৪ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এখানে ভোটার ৪৬ হাজার ২০৫ জন।