মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন এরশাদের ভাতিজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদপ্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ভাতিজা সাবেক সাংসদ হোসেন মকবুল শাহরিয়ার আসিফ। এরশাদের সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি এ ঘোষণা দেওয়ায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সাবেক সাংসদ আসিফ বর্তমানে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্যসচিব পদে রয়েছেন। রংপুর শহরের সেনপাড়ায় নিজের বাসভবনে গত বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলন করে তিনি প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এমন সময়ে তিনি এ ঘোষণা দিলেন, তখন এরশাদ চার দিনের সফরে রংপুরেই ছিলেন।

সংবাদ সম্মেলনে আসিফ দলীয়ভাবে মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার অভিব্যক্তি প্রকাশ করেন। তিনি বলেন, ‘এরশাদের পরিবারের সদস্য হিসেবে আমি দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষকে নিয়ে এরশাদের মুক্তির জন্য রাজপথে মিছিল করেছি। অনেক নির্যাতন সহ্য করেছি।’ প্রার্থী হওয়ার যৌক্তিকতার পক্ষে তিনি বলেন, ‘আমি এরশাদের পরিবারের সদস্য। আবার দলের নেতৃস্থানীয় পদে রয়েছি। ফলে আমি মেয়র প্রার্থী হওয়ার দাবি রাখি।’

গত ১৮ মার্চ রংপুর মহানগর জাতীয় পার্টির সম্মেলনে এইচ এম এরশাদ আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মোস্তাফিজার রহমান মোস্তফার নাম ঘোষণা করেন। তিনি মহানগর জাপার সভাপতি পদে রয়েছেন। ইতিমধ্যে রংপুরে বিভিন্ন সভা-সমাবেশেও এরশাদ জাপার প্রার্থী হিসেবে মোস্তফাকে পরিচয় করিয়ে দিয়েছেন।

মোস্তাফিজার রহমান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, আসিফ তাঁর নিজের সিদ্ধান্তের কথা বলেছেন। তবে তিনি দলীয় স্বার্থের বাইরে এমন ঘোষণা দিতে পারেন না। বিষয়টি দলীয় চেয়ারম্যানের নজরে এসেছে।

দলীয় চেয়ারম্যান এরশাদ চার দিনের রংপুর সফর শেষে গতকাল ঢাকা ফিরেছেন। ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি বলেছেন, দলের সিদ্ধান্তের বাইরে কেউ কেউ এমন ঘোষণা দিতেই পারেন। তবে এটি নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই।

২০১২ সালের ২০ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সে হিসাবে আগামী ডিসেম্বরে বর্তমান মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ শেষ হচ্ছে।