মেয়র প্রার্থীদের পক্ষে প্রচারে বিএনপি-জাপা সরব, আ.লীগ নীরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের ঠান্ডা হাওয়া আর রাজনীতির উষ্ণতায় মাতোয়ারা রংপুর শহর। মোড়ে মোড়ে মানুষের জটলা। মুখে মুখে আলোচনা—কে জিতবেন, কে হারবেন। ২১ ডিসেম্বরের সিটি করপোরেশন নির্বাচন নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ, যুক্তি-তর্ক।

মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা কোমর বেঁধে নেমে পড়েছেন। কেউ হারতে চান না। জয়ের নেশায় ছুটছেন সবাই। বিএনপি, জাতীয় পার্টিসহ অন্যান্য দলের মেয়র পদপ্রার্থীদের পক্ষে নেতা-কর্মীরা মাঠে বেশ সক্রিয় হলেও সরকারি দল আওয়ামী লীগ নীরব। মনোনয়ন পাওয়ার আশায় আওয়ামী লীগের ১৬ নেতার পক্ষে শহরে যেভাবে উত্তাপ ছড়িয়েছিল, এখন তা নেই। জেলা ও মহানগর অওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় প্রার্থীর পক্ষে এখনো প্রচারে নামতে দেখা যায়নি।

কেন এমন হলো, জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বললেন, প্রতিদিন দলীয় কার্যালয় সরগরম থাকলেও নেতা-কর্মীদের মধ্যে তেমন একটা উচ্ছ্বাস নেই। আসলে মেয়র পদপ্রার্থীর পক্ষ থেকে যেভাবে সহযোগিতা চাওয়া হবে, সেভাবেই কাজ করা হবে। কিন্তু এখনো সেই কাজটি শুরু করা সম্ভব হয়ে ওঠেনি। তবে সবাই মিলে কাজ শুরু করতে পারলে দলের কাজটা এগিয়ে যাবে।

শীতের সূর্যের তেমন একটা তাপ নেই। তবে শহরের আদালতপাড়া, বিভাগীয় পোস্ট অফিসসহ সব জনবহুল এলাকা ভোটের হাওয়ায় উত্তপ্ত
 থাকছে সারা দিনই। সন্ধ্যার পর টাউন হল চত্বর, জাহাজ কোম্পানি মোড় হয়ে উঠছে আরও সরগরম। আদা-লাল চা ও ভাপা পিঠা খাওয়ার ধুম পড়েছে। টাউন হল চত্বরে সংগীত শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মকসুদার রহমান বলেন, ভোটের হাওয়ায় এখন শহরটা জেগে উঠেছে। একজন ভালো মানুষ দেখে তিনি এবার ভোট দেবেন বলে জানান।

কাল দুপুর ১২টার দিকে দেখা গেল, বড় জটলা করে পোস্ট অফিসের সামনে কথা বলছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। জেলা আওয়ামী লীগের সদস্য ও নগরের নিসবেতগঞ্জ এলাকার বাসিন্দা নজমুল ইসলাম নির্বাচন নিয়ে অনেকটা হতাশ। তিনি বলেন, ‘ভাই কী করার আছে। এখন একজন কাউন্সিলর পদপ্রার্থীর পক্ষে ভোট করছি। দলীয় মেয়র পদপ্রার্থীর পক্ষে কাজ করব না, তা নয়। তবে এখনো শুরু করিনি। সব মিলিয়ে একটা দোটানা অবস্থা।’

আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী সরফুদ্দীন আহমেদ বললেন, ‘মনোনয়ন পাওয়ার পর দলীয় কার্যালয়ে গিয়ে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছি। এরই মধ্যে সবাই মাঠে নেমে পড়বেন বলে আমার বিশ্বাস।’

জাতীয় পার্টি তাদের প্রার্থী মোস্তাফিজার রহমানের পক্ষে মনোনয়ন পাওয়ার আগে থেকেই নেমে পড়েছে। দলীয় প্রধান এইচ এম এরশাদও তফসিল ঘোষণার আগে মাঠ চষে গেছেন। প্রার্থী নিয়ে এই দলের নেতা-কর্মীদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তবে দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে আছেন। তিনি বিদ্রোহী প্রার্থী, আবার এরশাদের ভাতিজা। তাই মাঠপর্যায়ে নেতা-কর্মীদের মধ্যে কিছুটা অস্বস্তি তো আছেই। এই স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন করতেই প্রার্থী হয়েছি। দল বহিষ্কার করলে করতে পারে।’

বিদ্রোহী প্রার্থী প্রসঙ্গে মোস্তাফিজার রহমান বলেন, ‘তাঁকে (শাহরিয়ার) আমরা হিসাবে রাখছি না। তিনি মার্কার ভোটে কোনো প্রভাবই ফেলতে পারবেন না।’

বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম। তিনি ইতিমধ্যে সংবাদ সম্মেলন করে সরে গেছেন। ফলে দলের মাঠপর্যায়ে নেতা-কর্মীদের মধ্যে একধরনের স্বস্তি কাজ করছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইস আহমেদ বলেন, ‘আমাদের দলে কোনো বিভেদ নেই। আমরা এখন পুরোদমে প্রার্থীকে নিয়ে গণসংযোগে নেমে পড়েছি।’ বিএনপির প্রার্থী কাওছার জামান গতকাল সোমবার দিনভর গণসংযোগ করেছেন আমাশু, কুকরুল, বুড়াইল, খটখটিয়া, জলছত্র এলাকায়।

এ ছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী এ টি এম গোলাম মোস্তফা কাল দিনভর গণসংযোগ করেছেন দর্শনা, ফতেপুর, ভুরারঘাট এলাকায়। মাঠে সক্রিয় বাসদের প্রার্থী আবদুল কুদ্দুস ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী সেলিম আখতারও।