মেয়র মোতাচ্ছিমের মনোনয়নপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোতাচ্ছিম
মোতাচ্ছিম

মেহেরপুর পৌরসভার নির্বাচনে প্রার্থী ও বর্তমান মেয়র মোতাচ্ছিম বিল্লাহ (মতু) হলফনামায় অসত্য তথ্য দেওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া ও সমর্থনকারীর সই না মেলায় মনোনয়ন যাচাই-বাছাই শেষে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে তাঁর মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
পৌর নির্বাচনের সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করা ৬৮ জনের মধ্যে ১১ জনের মনোনয়ন বিভিন্ন কারণে বাতিল করা হয়েছে।
মেহেরপুর পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান জানান, বুধবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। মোতাচ্ছিম বিল্লাহর দাখিল করা হলফনামায় তাঁর শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত লেখা রয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রে দেখা গেছে তিনি মাধ্যমিক পাস। এ ছাড়া সমর্থনকারীর সই মেলেনি। এ দুটি কারণে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুর রহমান ওরফে রিটন (নৌকা), বিএনপির প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী নিশান সাবের মনোনয়ন দাখিল করেছেন। মনোনয়ন বাতিলের বিষয়ে জানতে চাইলে মোতাচ্ছিম বিল্লাহ বলেন, এ বিষয়ে তিনি পরে গণমাধ্যমকে জানাবেন।
আগামী ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ মার্চ যাচাই-বাছাই ও আগামী ৫ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
২০১০ সালের সর্বশেষ নির্বাচনে মেয়র পদে পুনর্নির্বাচিত হন মোতাচ্ছিম বিল্লাহ। পরে মেহেরপুর পৌরসভা ও পার্শ্ববর্তী আমদহ ইউনিয়নের মধ্যে সীমানা নিয়ে জটিলতার কারণে এত দিন নির্বাচন হয়নি।