মেয়র হলে প্রতিবন্ধীদের জন্য কাজ করবেন আতিকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আতিকুল ইসলাম
আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী আতিকুল ইসলাম বলেছেন, নির্বাচনে বিজয়ী হলে তিনি প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করবেন।

আজ শনিবার বিকেলে দৃষ্টিপ্রতিবন্ধীদের উপযোগী বাংলা ভাষার বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠান ‘স্পর্শ’র ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আতিকুল ইসলাম এ কথা বলেন।

তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম ওই অনুষ্ঠানে আরও বলেন, জয়ী হলে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াবেন তিনি।

স্পর্শ দৃষ্টিপ্রতিবন্ধী ছেলেমেয়েদের এগিয়ে নিতে নানা কাজ করছে। বিকেলে সংগঠনটি দৃষ্টিজয়ী ও বিশেষ চাহিদাসম্পন্নদের সাংস্কৃতিক পরিবেশনা, দাবা-সংগীত-বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী ও ১০টি নতুন ব্রেইল বইয়ের মোড়ক উন্মোচনসহ নানা আয়োজন করে। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সঞ্চালনা করেন ত্রপা মজুমদার।

স্বাগত বক্তব্যে স্পর্শের প্রধান উদ্যোক্তা নাজিয়া জাবীন স্পর্শ শুরুর ঘটনা বর্ণনা করেন। ব্রেইলে বই প্রকাশের পেছনের মানুষের ত্যাগের কথা তুলে ধরেন তিনি।

শিক্ষাবিদ, লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল দৃষ্টিপ্রতিবন্ধীদের উৎসাহ জোগাতে তিনটি গল্প বলেন। তিনি বলেন, ‘আমি এমন একজনের সঙ্গে কথা বলেছি, যিনি দৃষ্টিপ্রতিবন্ধী কিন্তু বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে পড়াশোনা করেছেন।’ তিনি আরও বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের দয়া বা করুণা নয়, একটুখানি সাহায্য তাদের অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে।

দৃষ্টিজয়ী মর্জিনা বলেন, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এ জন্য মিরপুর থেকে তাঁকে জিগাতলা যেতে অনেক কষ্ট করতে হয়। অনেকবার বাস পরিবর্তন করতে হয়। অনেক সময় তিনি বাসের হেলপারদের কাছ থেকে বঞ্চনার শিকার হন।

অনুষ্ঠানের মঞ্চে আনুষ্ঠানিকভাবে লেখক মুহম্মদ জাফর ইকবাল, মালেকা বেগম, আনিসুল হক, লুৎফর রহমান রিটন, নাজিয়া জাবীন, মুহিত কামাল, ফেরদৌস খান, সোনিয়া হক, আলপনা হাবীব, লবী রহমান, শাহরিয়ার হোসেন, আনিসা হকের ১৪টি বই ব্রেইলে প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসনকেন্দ্রের (সিআরপি) প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক ভ্যালরি এ টেইলর ও অ্যাসিড আক্রমণের শিকার নমিতা হালদারকে বিশেষ সম্মাননা দেওয়া হয় ।