সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হককে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ-২ (সদর) আসনের সাংসদ মো. হাবিবে মিল্লাত জানান, হালিমুলকে বহিষ্কারসংক্রান্ত দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি চিঠি গতকাল বুধবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসেছে। ওবায়দুল কাদের গত সোমবার ওই চিঠিতে স্বাক্ষর করেন।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. বেলাল হোসেন জানান, মেয়র হালিমুল বর্তমানে জেলা কারাগারে থাকায় বৃহস্পতিবার কারণ দর্শানোর চিঠিটি তাঁর কাছে পৌঁছে দেওয়া হবে। এ ছাড়া শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ কমিটির বর্ধিত সভায় কমিটির সদস্যপদ থেকে হালিমুল ও তাঁর সহযোগী কে এম নাসির উদ্দিনকে বহিষ্কারের যে সিদ্ধান্ত হয়েছে, সে-সংক্রান্ত একটি চিঠি পেয়েছে জেলা কমিটি।