মেয়রকে আ.লীগ থেকে বহিষ্কারের সুপারিশ
সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর মেয়র হালিমুল হক ও তাঁর সহযোগী কে এম নাসির উদ্দীনকে উপজেলা আওয়ামী লীগের সদস্যপদ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। তাঁরা দুজনেই সাংবাদিক আবদুল হাকিম (শিমুল) হত্যা মামলার আসামি।
আজ রোববার সকালে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ হাসিবুর রহমান সাংবাদিকদের জানান, কমিটির সদস্যদের নিয়ে সভা করা হয়। বেশির ভাগ সদস্যই উপজেলা কমিটির সদস্য পৌর মেয়র হালিমুল হক ও আরেক সদস্য কে এম নাসিরকে বহিষ্কারের জন্য মতামত প্রকাশ করেন। সবার মতামতের ভিত্তিতেই তাঁদের বহিষ্কারের সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ–সংক্রান্ত একটি পত্র সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে।
সাংসদ হাসিবুর রহমান আরও বলেন, ওই দুজনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ভার দল নেবে না। তাঁদের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
হাসিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সদস্য, বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হন সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম। পরের দিন দুপুরে তিনি মারা যান। এ ঘটনায় শাহজাদপুর থানায় দুটি মামলা দায়ের করা হয়। এই মামলায় এজাহারভুক্ত পৌর মেয়র হালিমুল হক পলাতক। আরেক আসামি কে এম নাসির উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে।