মেয়রদের বরখাস্তে সরকারে অস্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দল বিএনপির তিনজন মেয়রকে বরখাস্ত করার প্রতিক্রিয়া নিয়ে ভাবছে সরকার। বিশেষ করে, ঢাকায় বিশ্বের ১৩৪টি দেশের জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন—আইপিইউর সম্মেলন চলাকালে এই সিদ্ধান্ত ‘তড়িঘড়ি’ হয়ে গেছে বলে মনে করছে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ সরকারের নীতিনির্ধারকদের কেউ কেউ।
তবে বিএনপির মনোনয়ন বা সমর্থনে নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে যাঁরা বিভিন্ন মামলার আসামি ও বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত, তাঁদের ব্যাপারে সরকারের অবস্থান পরিবর্তন হবে না। শুধু সময়ের কারণে বরখাস্ত করা নিয়ে অস্বস্তি আছে সরকারের মধ্যে।
সরকার ও আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক সূত্রের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।
গত রোববার সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী চেয়ারে বসার দুই ঘণ্টার মধ্যে পুনরায় বরখাস্তের আদেশ পান। আর রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল কাঠখড় পুড়িয়ে মেয়রের চেয়ারে বসলেও তা আট মিনিট স্থায়ী হয়। একই দিনে হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছও ১১ দিন দায়িত্ব পালনের পর পদ হারান। এই তিনজন আগেও বরখাস্ত হয়েছিলেন। এসব জনপ্রতিনিধির বিরুদ্ধে হত্যাসহ নানা মামলা চলমান রয়েছে।
গতকাল সোমবার ডেমরায় একটি সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে তিন মেয়রকে বরখাস্ত করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘মেয়র বরখাস্তের বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এই সিদ্ধান্ত নিশ্চয়ই স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়েছে। এর পেছনে যুক্তি কী, কারণ কী, এটা ওই মন্ত্রণালয় ভালো বলতে পারবে। তবে আমি যতটুকু জানি, মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি জানেন না।’
দলের সাধারণ সম্পাদক এই বক্তব্য দেওয়ার পর গতকাল আওয়ামী লীগের নেতারা এ বিষয়ে কথা বলতে চাননি। আর মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, বিচারাধীন বিষয়ে তাঁরা মন্তব্য করতে চান না।
সরকার ও আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলছে, বিএনপি-জামায়াতের মনোনয়ন বা সমর্থনে জয়ী জনপ্রতিনিধিদের মধ্যে যাঁরা মাথা গুঁজে শুধু নিজের দায়িত্ব পালন করবেন, তাঁদের হয়রানি করবে না সরকার। তবে চেয়ারে বসে দলের কর্মসূচি বাস্তবায়নে তৎপর জনপ্রতিনিধিদের ছাড় দেওয়া হবে না। বিশেষ করে, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে ও পরে আন্দোলনে নেতৃত্ব দেওয়া জনপ্রতিনিধিদের চেয়ার থেকে দূরে রাখতে রাজনৈতিক, প্রশাসনিক ও আইনগত সব চেষ্টা করা হবে।
সরকারি দলের একটি সূত্র জানায়, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরের জ্বালাও-পোড়াও আন্দোলনে এই তিনজনের ভূমিকা ছিল। এলাকায় তাঁদের সাংগঠনিক দক্ষতাও রয়েছে। তা ছাড়া এই নেতাদের সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বের যোগাযোগ ভালো।
আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বিএনপির কিছু নেতা ও জনপ্রতিনিধিকে সরকার জামায়াতের মতোই ঝুঁকিপূর্ণ মনে করে। আরিফুল হক, মোসাদ্দেক ও জি কে গউছ তাঁদের মধ্যে রয়েছেন। তাঁরা হত্যা মামলায় অভিযুক্ত হওয়ার কারণে সরকারের ব্যবস্থা নিতে সুবিধা হয়েছে। ওই নেতা আরও বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হলে আন্দোলনে নামতে পারে বিএনপি। নির্বাচনকালীন সরকার নিয়েও আন্দোলনে নামার চেষ্টা করবে দলটি। এ অবস্থায় আগে থেকে সতর্ক হচ্ছে সরকার।
আরেকজন কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপির তিনজন মেয়র দলবল নিয়ে একই দিনে দায়িত্ব নিতে যান। তাঁদের এই শোডাউনে বোঝা যায়, তাঁরা মেয়রের চেয়ে রাজনীতি বেশি করতে চান।
আওয়ামী লীগের সূত্র বলছে, কুমিল্লার মেয়র মনিরুল হক সাক্কু জ্বালাও-পোড়াও আন্দোলনে সম্পৃক্ত হননি। হরতাল-অবরোধের সময় তিনি অফিস চালিয়েছেন। খুলনার মেয়র মনিরুজ্জামানও একবার বরখাস্ত হয়ে আদালতের মাধ্যমে পদ ফিরে পেয়েছেন। তবে তিনি দলে ততটা প্রভাবশালী নন বলে সরকার আর বিরক্ত করছে না। গাজীপুরের মেয়র এম এ মান্নানের ব্যাপারেও সরকারের মনোভাব নেতিবাচক।
আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলছে, এ বছরই রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল, গাজীপুর ও রংপুর সিটি করপোরেশনে নির্বাচন হবে। এর মধ্যে রংপুর বাদে বাকি সব সিটিতে মেয়র বিএনপির। বরখাস্ত-কারাবরণের কারণে তাঁরা আসলে নগরে তেমন কোনো ভূমিকা রাখতে পারেননি। এবার এসব সিটিতে জয়ের সর্বাত্মক চেষ্টা চালাবে আওয়ামী লীগ। এ জন্য সরকার নতুন করে বিএনপির মেয়রদের অবস্থান শক্ত করার সুযোগ দেওয়ার পক্ষে নয়।
সরকারের একটা সূত্র জানিয়েছে, আদালতের রায় নিয়ে তিন মেয়র দায়িত্ব নেওয়ার পরপর তাঁদের এভাবে তড়িঘড়ি বরখাস্ত করার বিষয়টি প্রধানমন্ত্রীও ভালোভাবে নেননি। তিনি আইনি প্রক্রিয়া মানার পক্ষে।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রথম আলোকে বলেন, কেন এটা করা হয়েছে, তা স্থানীয় সরকার মন্ত্রণালয় ভালো বলতে পারবে। তবে এই বিষয়ে তাদের একটা ব্যাখ্যা দেওয়া উচিত।