মেয়রের বাসার সামনে ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নগরের আন্দরকিল্লার বাসার সামনের সড়কে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় মেয়র বাসভবনে ছিলেন বলে জানা গেছে।
ছাত্রলীগ, স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, কেন্দ্রীয় ছাত্রলীগের বহিষ্কৃত নেতা সাইফুল আলম ও নগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ওয়াহিদ রাসেলের অনুসারীদের মধ্যে এই ঘটনা ঘটে। তাঁরা দুজনই মেয়র আ জ ম নাছিরের অনুসারী।
ছাত্রলীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, শশী নামের এক ছাত্রলীগ কর্মী কেন্দ্রীয় যুবলীগের উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরীর অনুসারী ছিলেন। তিনি নগরের সিআরবি এলাকায় হওয়া জোড়া খুনের মামলার আসামি। সম্প্রতি শশী সাইফুল আলমের পক্ষে যোগ দেন। সাইফুল আলমও জোড়া খুনের মামলার আসামি। হেলাল আকবরের অনুসারী থাকা অবস্থায় তাঁর সঙ্গে নাছিরের অনুসারীদের বিভিন্ন সময় বিরোধ হয়। সোমবার রাতে বিরোধ মেটাতে শশীকে সঙ্গে নিয়ে মেয়র আ জ ম নাছিরের আন্দরকিল্লার বাসায় যান সাইফুল আলম। মেয়রের বাসা থেকে বের হয়ে আসার সময় শশীকে প্রতিপক্ষের কর্মীরা মারধর করেন। এরপর সাইফুলের আলমের অনুসারীরা তাঁদের ধাওয়া দেন।
নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, সাইফুল আলমের অনুসারী শশীকে প্রতিপক্ষের কর্মীরা আন্দরকিল্লার অদূরে হাজারী গলিতে নিয়ে মারধর করে। এ খবর পেয়ে সাইফুলের ৫০-৬০ জন অনুসারী মেয়রের বাসার সামনে জড়ো হয়েছে বলে শুনেছি। তবে মেয়রের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ তাঁদের বকা-ঝকা করে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন।
যোগাযোগ করা হলে মেয়রের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ প্রথম আলোকে বলেন, কোনো ধরনের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেনি। সব বোগাস। মিথ্যা কথা।
এ বিষয়ে মন্তব্যর জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও সাইফুল আলমের মোবাইল বন্ধ পাওয়া যায় এবং ওয়াহিদ রাসেল মোবাইলের লাইন কেটে দেন।