মেয়াদ প্রায় শেষ, তবু কমিটি অপূর্ণাঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর পাঁচ সপ্তাহ পর বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির মেয়াদ শেষ হতে চলছে। কিন্তু এখনো কমিটি পূর্ণাঙ্গ হয়নি। বিশ্ববিদ্যালয় কমিটির অধীনে আবাসিক হলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের অনেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন। ফলে হলগুলোতে নতুন নতুন উপদল তৈরি হচ্ছে, বাড়ছে অভ্যন্তরীণ কোন্দল।
গত বছরের ১৮ জুন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। ওই সময় বলা হয়েছিল, সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ হওয়ার পর বিশ্ববিদ্যালয় কমিটি পূর্ণাঙ্গ করা হবে। কারণ, বিশ্ববিদ্যালয়ের অনেক নেতা কেন্দ্রীয় কমিটিতে পদ পেতে পারেন।
গত বছর ২৬ জুলাই ছাত্রলীগের নতুন কেন্দ্রীয় কমিটি হয় এবং সাত মাস পর ২২ ফেব্রুয়ারি তা পূর্ণাঙ্গ হয়। এরপর চার মাস পেরিয়ে গেছে। আর বিশ্ববিদ্যালয় কমিটির মেয়াদ শেষ হবে আগামী মাসের ১৭ তারিখ।
এখন কেন কমিটি গঠিত হলো না, এর কোনো সদুত্তর দিতে পারেননি ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, এ মাসেই কমিটি হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হল কমিটির ৩৬ জন সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে ২১ জন কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন। এ ছাড়া বিভিন্ন হল কমিটির বিভিন্ন পদের অনেক নেতা কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন। হলগুলোতে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের এই নেতৃত্বশূন্যতার কারণে এলাকাভিত্তিক নানা উপদলের জন্ম হয়েছে। গত বছরের ২৮ মে গভীর রাতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে কথা-কাটাকাটির জের ধরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন। ওই হলে অন্তত ছয়টি উপদল রয়েছে বলে জানা গেছে।
ছাত্রলীগের একাধিক সূত্র জানায়, অন্তত ছয় মাস আগে বিশ্ববিদ্যালয় কমিটিতে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির (জেলা কমিটির পদমর্যাদা) মেয়াদ এক বছর।
নামপ্রকাশে অনিচ্ছুক পদপ্রত্যাশী একজন নেতা প্রথম আলোকে বলেন, কমিটি পূর্ণাঙ্গ করার দীর্ঘসূত্রতা মূলত সভাপতি ও সাধারণ সম্পাদকের মেয়াদ বাড়িয়ে নেওয়ার একটি কৌশল বলে তাঁরা মনে করছেন। এর আগেও এক বছরের কমিটি তিন-চার বছর পার করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান প্রথম আলোকে বলেন, কমিটির পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত যাচাই-বাছাইয়ে একটু সময় লেগেছে। এ জন্য দেরি হচ্ছে। কমিটির ফরম্যাট তৈরি হয়ে গেছে। ছাত্রলীগের গঠনতন্ত্রে কিছু পরিবর্তন আসছে। কয়েকটি কমিটির আকার বাড়ানোর কথা হচ্ছে। শিগগিরই কমিটি হবে।