মেয়াদ শেষ হওয়ার পর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে মেয়াদ শেষ হওয়ার তিন মাস পর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ছাত্রলীগের দলীয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাইফুল ইসলামকে সভাপতি এবং অমিত কুমার দাসকে সাধারণ সম্পাদক রেখে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১৩৮ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩ ডিসেম্বর সাইফুল ইসলামকে সভাপতি এবং অমিত কুমার দাসকে সাধারণ সম্পাদক করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। তখন কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এক বছরের মেয়াদ দিয়ে এ কমিটি গঠন করার বিষয়টি উল্লেখ করা হয়েছিল। তবে কমিটি হওয়ার পর তার মেয়াদ শেষ হয়ে গেলেও এত দিন পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কমিটির অন্যান্য পদগুলোর মধ্যে সহসভাপতি পদে মনোনীত হয়েছেন মিজানুর রহমান, ইমদাদুল হক, আবদুল্লাহ আল মামুন, জুয়েল রানাসহ বিশ জন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহিনুর রহমানসহ আটজন, সাংগঠনিক সম্পাদক পদে শিশির ইসলামসহ আটজন, প্রচার সম্পাদক পদে ফাহিমুর রহমান, দপ্তর সম্পাদক পদে সুজন কুমার দে, অর্থ সম্পাদক পদে হাসান ইমাম, ক্রীড়া সম্পাদক পদে কাজী মেজবাহ উদ্দিন, ছাত্রবিষয়ক সম্পাদক পদে লালন রহমান, ছাত্রীবিষয়ক সম্পাদক পদে তিথি আহমেদ, সাহিত্যবিষয়ক সম্পাদক পদে তরিকুল ইসলামকে মনোনীত করা হয়েছে। এ ছাড়া সহসম্পাদক পদে উনিশ জন এবং সদস্য পদে সাতাশ জনকে মনোনীত করা হয়েছে।
এদিকে দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অনেক নেতা-কর্মী ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পদে থাকা কয়েকজন নেতা হতাশা প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘সঠিক সময়ে কমিটি না হওয়ার কারণে সুষ্ঠুভাবে রাজনীতিতে অংশগ্রহণের প্রতি আগ্রহ অনেকটাই হারিয়ে গেছে। এর আগের পূর্ণাঙ্গ কমিটিও প্রায় তিন বছর পর ঘোষণা করা হয়েছিল। এ রকম চলতে থাকলে নেতা-কর্মীরা অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়বে।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি সঠিক সময়ে দেওয়ার ইচ্ছা থাকলেও ক্যাম্পাসের বিভিন্ন প্রতিকূলতার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষণা অনুযায়ী আগাছামুক্ত একটি ছাত্রলীগের কমিটি গঠনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে একটু দেরিতে হলেও কমিটি দেওয়া হয়েছে।’