কেন্দ্রের নির্দেশ থাকলেও দলের জাতীয় সম্মেলনের আগে আওয়ামী লীগ মৌলভীবাজার জেলা কমিটির সম্মেলন হয়নি। জেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার তিন বছর পেরিয়ে গেছে।
দলের কয়েকজন নেতা বলেন, জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা দুটি অংশে বিভক্ত। একটির নেতৃত্বে আছেন সাবেক চিফ হুইপ মো. আবদুস শহীদ। তিনি জেলা কমিটির সভাপতি। অপরটির নেতৃত্বে আছেন প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর অনুসারী হিসেবে পরিচিত জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মসুদ আহমদ।
জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৬ সালের ২৭ ফেব্রুয়ারি। কিন্তু দলের অভ্যন্তরীণ বিরোধের কারণে সম্মেলনের দিন কাউন্সিল হতে পারেনি। কমিটি গঠনের লক্ষ্যে সে বছর ৭ জুলাই কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে একটি বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে কাউন্সিলরদের সরাসরি ভোটে উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ সভাপতি ও নেছার আহমদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। তখন পূর্ণাঙ্গ কমিটি করা যায়নি। দলের মধ্যে সমঝোতা না থাকা, কাউন্সিলের পরপরই তৎকালীন সরকারবিরোধী আন্দোলন শুরু এবং পরে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধের কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন পিছিয়ে পড়ে।
পরে ২০১০ সালের ৯ অক্টোবর কেন্দ্রীয় কমিটি মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের একটি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়। এর মেয়াদ ছিল তিন বছর। কিন্তু কমিটি নিয়ে মতবিরোধ থাকায় এ পর্যন্ত পূর্ণাঙ্গ জেলা কমিটির কোনো সভা হয়নি। ২০১৩ সালে শেষ ভাগে ওই কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। এরপর তিন বছর কেটে গেলেও এখনো জেলা আওয়ামী লীগের সম্মেলন করা সম্ভব হয়নি।
নেতা-কর্মীরা বলেন, মতবিরোধের কারণে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন অংশ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মসুদ আহমদের অংশ পৃথকভাবে দলের কর্মসূচি পালন করে আসছে। দুটি অংশ জেলা কমিটির নামেই ইফতার ও জাতীয় শোক দিবস পৃথকভাবে পালন করেছে। পৃথকভাবে চলছে জাতীয় ও স্থানীয় কর্মসূচি।
দলীয় সূত্র জানিয়েছে, জাতীয় সম্মেলনের আগে মৌলভীবাজার জেলা কমিটির সম্মেলন করতে কেন্দ্রীয় কমিটি থেকে নির্দেশ দেওয়া হয়। তবে জাতীয় সম্মেলনের আগে মৌলভীবাজার জেলা কমিটির সম্মেলন করা সম্ভব হয়নি। কেন্দ্র থেকে সম্মেলন করার তাগাদা ছিল। কিন্তু এই সময়ের ভেতর জেলার সব কটি ইউনিয়ন ও উপজেলার সম্মেলন সম্পন্ন করা সম্ভব হয়নি। যে কারণে জেলা কমিটির সম্মেলনও পিছিয়ে গেছে। ডিসেম্বরের মধ্যে জেলার সব কটি ইউনিয়ন ও উপজেলার সম্মেলন শেষ করে আগামী বছরের জানুয়ারিতে মৌলভীবাজার জেলা কমিটির সম্মেলন করার পরিকল্পনা করছেন জেলা নেতারা।
অপরদিকে জাতীয় সম্মেলনে অংশগ্রহণের জন্য জেলা কমিটি সারা জেলা থেকে ৮৬ জন কাউন্সিলর নির্বাচন করেছে। এঁদের মধ্যে দুটি অংশেরই নেতা-কর্মী রয়েছেন। তবে কমিটির সভা ছাড়া এভাবে কাউন্সিলর নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে অপর অংশ।
প্রয়াত সৈয়দ মহসিন আলীর অনুসারী অন্যতম নেতা জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মসুদ আহমদ বলেন, ‘জেলা কমিটির মিটিং নাই। মিটিং বসে আলাপ–আলোচনা করে লিস্ট করার কথা। তারা এটা মনগড়া করেছে। আমরা আমাদের মতো যাব। আমাদের দিকের ৪০ জন কাউন্সিলর থাকবে। জেলা কমিটি কার্ড না দিলেও কেন্দ্রীয় কমিটি সবার কার্ড দেবে। কেন্দ্রের সঙ্গে আলাপ আছে।’
জেলা কমিটির সাধারণ সম্পাদক নেছার আহমদ বলেন, ‘আমাদের (জেলা কমিটি) মাত্র তিন বছর হয়েছে মেয়াদ উত্তীর্ণ হওয়ার। কোনো কোনো উপজেলার ২০-২২ বছর হয়েছে সম্মেলন হয়নি। আগে উপজেলার সম্মেলন হওয়া দরকার। এরপরই জেলা সম্মেলন হবে।’