ইসলামী বিশ্ববিদ্যালয়ে মেয়াদোত্তীর্ণ হওয়ার তিন মাস পর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সূত্র জানায়, ২০১৪ সালের ৩ ডিসেম্বর সাইফুল ইসলামকে সভাপতি এবং অমিত কুমার দাসকে সাধারণ সম্পাদক করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। তখন কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এক বছর মেয়াদের জন্য এ কমিটি গঠন করার কথা উল্লেখ করা হয়। ওই কমিটি গঠনের পর তার মেয়াদও শেষ হয়ে গেছে। কিন্তু পূর্ণাঙ্গ কমিটি আর করা হয়নি। কমিটির মেয়াদ শেষ হওয়ার তিন মাস পর গত শনিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সাইফুল ইসলামকে সভাপতি এবং অমিত কুমার দাসকে সাধারণ সম্পাদক রেখে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১৩৮ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়। ছাত্রলীগের দলীয় বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি সঠিক সময়ে দেওয়ার ইচ্ছা থাকলেও ক্যাম্পাসের বিভিন্ন প্রতিকূলতার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষণা অনুযায়ী আগাছামুক্ত একটি কমিটি গঠনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে একটু দেরিতে হলেও কমিটি দেওয়া সম্ভব হয়েছে।’