সৈয়দপুর যুবলীগের একাংশের সংবাদ সম্মেলন
মেয়াদোত্তীর্ণ নীলফামারী জেলা কমিটির সিদ্ধান্তের প্রতিবাদ
নীলফামারী জেলার সৈয়দপুর আওয়ামী যুবলীগের একাংশ মেয়াদোত্তীর্ণ নীলফামারী জেলা যুবলীগের গৃহীত সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে। মেয়াদোত্তীর্ণ নীলফামারী জেলা যুবলীগ সংবাদ সম্মেলন করে সৈয়দপুর উপজেলা ও পৌর যুবলীগের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করে। গত সোমবার সৈয়দপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নীলফামারীর ঘোষিত কমিটি অবৈধ বলে উল্লেখ করে প্রত্যাখ্যান করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ সৈয়দপুর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোস্তফা ফিরোজ। লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রাচীনতম একটি যুব সংগঠন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির হাতে ১৯৭২ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। আর যাত্রার প্রাক্কাল থেকে সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার মর্যাদা পেয়ে আসছিল এটি। ২০১৫ সালে সৈয়দপুর জেলা কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরে সংগঠনের কেন্দ্রীয় কমিটি সৈয়দপুর আওয়ামী যুবলীগকে জেলা শাখা থেকে নামিয়ে উপজেলা শাখার মর্যাদা দেয়। আর সেই থেকে এখানকার আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা উপজেলা ও পৌর শাখার মর্যাদা নিয়ে সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। কিন্তু ২৬ মার্চ নীলফামারী জেলা যুবলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি সংবাদ সম্মেলন করে সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগের বৈধ আহ্বায়ক কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা দেয়।
গত সোমবারের সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নীলফামারী জেলা যুবলীগের বর্তমান কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। ওই কমিটি নিজেই একটি মেয়াদোত্তীর্ণ কমিটি। তাই ওই অবৈধ, মেয়াদোত্তীর্ণ কমিটির সৈয়দপুর উপজেলা কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি গঠনের কোনো এখতিয়ার নেই। কারণ কেন্দ্রীয় যুবলীগ মেয়াদোত্তীর্ণ কমিটির ওই ক্ষমতা রহিত করেছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, একটি স্বার্থান্বেষী মহলের ইঙ্গিতে এটি করা হয়েছে। আর সামনে সৈয়দপুর উপজেলা পরিষদের উপনির্বাচন। মূলত সেই নির্বাচনে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে কাজটি করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা অযাচিতভাবে পুরোনো কমিটি বাতিলে ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানান। সেই সঙ্গে জেলা যুবলীগ কর্তৃক ঘোষিত সৈয়দপুর উপজেলা ও পৌর কমিটি প্রত্যাখ্যানের ঘোষণা দেন। জেলা কমিটি এখতিয়ারবহির্ভূত কাজ করায় তাদের সাংগঠনিক শাস্তি দাবি জানানো হয় ওই সংবাদ সম্মেলন থেকে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম আসাদ, সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রোবায়েত মিন্টু, আবদুস সবুর, যুবলীগ নেতা মহসিন আলী রুবেল, রেজাউল হক বিদ্যুৎ, শহিদুল ইসলাম বাবু, গোলজার হোসেন, মাসুদ রানা বিপ্লব, টোকন প্রমুখ।
সংবাদ সম্মেলনে উপস্থিত সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বলেন, উপজেলা পরিষদের আসন্ন উপনির্বাচনে দলে বিভক্তি সৃষ্টি করে বিএনপি-সমর্থিত প্রার্থীকে সুবিধা দিতেই এ ষড়যন্ত্র করা হয়েছে।