মোকাররমকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মোকাররম মিয়া ওরফে বাবুকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জেলা আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার শহরের থানা রোডের কার্যালয়ে দলের কার্যকরী কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীন। অন্যান্যের মধ্যে বিপুল ঘোষ ও সৈয়দ মাসুদ হোসেনসহ জেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ৪১ জন উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাহেব সরোয়ার বলেন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধর্ষণ ও ভয়ভীতি দেখিয়ে অবৈধ সম্পদ উপার্জন করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোকাররমকে জেলা আওয়ামী লীগ ও দলের সর্বস্তরের সদস্যপদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, এ সিদ্ধান্ত অনুমোদনের জন্য আগামী রোববার কেন্দ্রীয় কার্যকরী পরিষদের কাছে পাঠানো হবে।
মোকাররমের স্ত্রী নাসরীন সুলতানা প্রথম আলোকে বলেন, ‘মোকাররম মন্ত্রী মহোদয়কে (খন্দকার মোশাররফ হোসেন) নিজের বাবার মতো শ্রদ্ধা করেন। মন্ত্রী মহোদয় যে সিদ্ধান্ত নেবেন, সে সিদ্ধান্ত মোকাররম ও তাঁর পরিবার মাথা পেতে নেবে।’
দলীয় সূত্রে জানা যায়, ২০০৯ সালে খন্দকার মোশাররফ হোসেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে মোকাররম মন্ত্রীর পক্ষে ফরিদপুরের সব কর্মকাণ্ড দেখাশোনা করতেন। মন্ত্রী ও ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেনকে মোকাররম মিয়ার কটাক্ষ করা দুটি ভিডিওচিত্র ১৩ এপ্রিল মন্ত্রীর হাতে আসে। ওই দিনই দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে মোকাররমকে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেন মন্ত্রী।
১৯ এপ্রিল থেকে এ পর্যন্ত মোকাররমের বিরুদ্ধে চাঁদাবাজি ও ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা হয়েছে। ২৩ এপ্রিল মোকাররমকে রাজধানীর বেইলি রোড থেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে মোকাররম কারাগারে রয়েছেন। ইতিমধ্যে দুটি চাঁদাবাজির মামলায় তাঁর সাত ও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।