'তাহলে কি ঘটনাগুলো সরকারই করছে?'
বর্তমান সরকারের আমলে জঙ্গি হামলায় একের পর এক হত্যাকাণ্ডগুলো সরকারই ঘটাচ্ছে কি না—সে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় সরকারকে উদ্দেশ করে রিজভী বলেন, ‘সারা দেশে মোয়াজ্জিন, খ্রিষ্টান পাদরি, বৌদ্ধ ভিক্ষু, শিক্ষক, মুক্তচিন্তার মানুষকে হত্যা করা হচ্ছে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আপনারা বিএনপি-জামায়াতের কথা বলছেন। তাহলে কি ঘটনাগুলো সরকারই করছে? না হলে ঘটনার গভীরে না গিয়ে কীভাবে আপনারা এমন কথা বলেন?’
গাজীপুর সিটি করপোরেশনের বহিষ্কৃত মেয়র ‘অধ্যাপক এম এ মান্নান মুক্তি পরিষদ’ নামের একটি সংগঠন ওই আলোচনার আয়োজন করে।
রিজভী দাবি করেন, বিএনপির শাসনামলে জঙ্গিদের গ্রেপ্তার করে বিচারের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এখন তাদের ধরা হচ্ছে না। এ কারণেই জঙ্গি তৎপরতা বাড়ছে। রিজভীর ভাষায়, ‘আমরা আত্মীয়স্বজনের বাসায় লুকিয়ে থাকলে ধরতে পারেন, আর যখন একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটছে, তখন কিছু করতে পারছেন না কেন?’ তিনি আরও বলেন, ‘জেলা পুলিশের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তার স্ত্রী এবং নাটোরে খ্রিষ্টান দোকানি জঙ্গি হামলায় নিহত হলেন কেন? আগে তো কখনো এ রকম হয়নি। এখন আপনাদের এই ধর্মনিরপেক্ষ যুগে এমন ঘটছে কেন?’