
কয়েক শ মোটরসাইকেলের বহর নিয়ে শহর দাপিয়ে বগুড়া জেলা যুবলীগের সম্মেলনে যোগ দিলেন নেতারা। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত জেলা, উপজেলা, শহর ও ওয়ার্ড যুবলীগের নেতাদের নেতৃত্বে আলাদা মোটরসাইকেল বহর মহড়া দিয়ে জিলা স্কুল মাঠে সম্মেলনস্থলে যোগ দেয়। সম্মেলন অভিমুখী গাড়ি ও মোটরসাইকেলের কারণে শহরজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সুভাশীষ পোদ্দারকে জেলা যুবলীগের সভাপতি ও আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলছেন, দুপুর সাড়ে ১২টার দিকে খান্দার এলাকা থেকে স্থানীয় যুবলীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে নেতা-কর্মীরা সম্মেলনস্থলে যোগ দেন। বেলা পৌনে একটার দিকে শহর যুবলীগের একটি মোটরসাইকেল বহর থানা মোড় থেকে কবি নজরুল ইসলাম সড়ক-সাতমাথা হয়ে জিলা স্কুল মাঠে আসে। একইভাবে শহরের বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করে শহর দাপিয়ে সম্মেলনস্থলে যোগ দেন। মোটরসাইকেলের বহর নিয়ে একইভাবে শহর দাপিয়ে বেড়ান শাজাহানপুর, শেরপুর, শিবগঞ্জ, কাহালু উপজেলাসহ বিভিন্ন উপজেলা থেকে আসা যুবলীগের নেতা-কর্মীরাও।
বগুড়া জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, নেতা-কর্মীরা নিজে থেকেই শোভাযাত্রা বা মোটরসাইকেলের বহর নিয়ে সম্মেলনে এসেছেন।
দুপুরে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। জেলা যুবলীগের বিদায়ী সভাপতি মঞ্জুরুল আলমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন সাংসদ আবদুল মান্নান, সাংসদ হাবিবর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমুখ।