মোটরসাইকেলের মহড়া দিলেন সাংসদও
ছয় শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে বাড়িতে ফিরেছিলেন রংপুরের বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সাংসদের চাচাতো ভাই টুটুল চৌধুরী। আর গতকাল শনিবার দেড় সহস্রাধিক মোটরসাইকেলের শোভাযাত্রায় এলাকায় ফিরলেন সাংসদ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ওরফে ডিউক চৌধুরী।
আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতিও।
দলীয় সূত্রে জানা যায়, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরীর চাচাতো ভাই টুটুল পবিত্র হজ শেষে গত ২৬ সেপ্টেম্বর দেশে ফেরেন। এরপর তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে ছয় শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রায় বদরগঞ্জ শহরে নিজ বাসায় ফেরেন। ফিরেই ঘোষণা দেন, তিনি আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হবেন।
আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, ওই ঘটনার পর এলাকায় নিজের প্রভাব দেখাতে তৎপর হন ঢাকায় অবস্থানরত সাংসদ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী। বদরগঞ্জ ডিগ্রি কলেজের ব্যানারে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের। সাংসদ কলেজটির পরিচালনা কমিটির সভাপতি। সংবর্ধনা ঘিরে গত তিন দিন এলাকায় মাইকে ব্যাপক প্রচারণা চালানো হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান-সদস্যদের মোটরসাইকেল মহড়ায় অংশ নিতে অলিখিত নির্দেশ দেওয়া হয়। গতকাল বেলা আড়াইটা থেকে উপজেলা পরিষদের মাঠে একে একে লোকজন মোটরসাইকেল নিয়ে জড়ো হতে থাকেন। বদরগঞ্জের পাশাপাশি তারাগঞ্জ, রংপুর সদর ও নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা থেকেও লোকজন আনা হয়। সেখানে বদরগঞ্জের কালুপাড়ার ইউপি চেয়ারম্যান ও উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শহিদুল হকসহ জামায়াত-শিবিরের অনেককেই দেখা যায়। সাংসদকে আনতে সাড়ে চারটার দিকে দেড় সহস্রাধিক মোটরসাইকেল একযোগে বের হয়ে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়।
বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউপির চেয়ারম্যান আয়নাল হক বলেন, ‘আমার ইউনিয়ন থেকে ৪০০ মোটরসাইকেল নিয়ে এসেছি। অন্য নয়টি ইউনিয়ন থেকেও চেয়ারম্যান-সদস্যরা অসংখ্য মোটরসাইকেল নিয়ে এসেছেন। অন্তত দুই হাজার মোটরসাইকেল নিয়ে যাচ্ছি বিমানবন্দর থেকে সাংসদকে আনতে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমপির নাকি লোক নাই, প্রভাব নাই। এই কথা এলাকায় ছড়ানো হয়েছে। এটা দেখাতেই এত আয়োজন।’
বদরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফুজ্জামান বলেন, ‘সাংসদের মোটরসাইকেল শোভাযাত্রায় চার হাজারের বেশি মোটরসাইকেল ছিল। এই মোটরসাইকেল শোভাযাত্রা করে আমরা প্রমাণ করেছি, সাংসদের জনপ্রিয়তা এলাকায় কম নয়; অনেক বেশি। মোটরসাইকেলের খরচ এমপি ও আমরা দলের লোকজন দিয়েছি।’
এদিকে মোটরসাইকেল মহড়ার কারণে বেলা তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বদরগঞ্জ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে বদরগঞ্জ-পার্বতীপুর সড়কের উভয় পাশে অন্তত এক কিলোমিটারজুড়ে ব্যাপক যানজট শুরু হয়। যানজটের কবলে পড়া অটোরিকশার যাত্রী মেহেরুন্নেছা (২৮) বলেন, ‘এমপি হইছে, তাতে হামার কী? এই ছোট শিশু নিয়া আধা ঘণ্টা ধরি গাড়িত বসি আছি। এইটা কোনো কথা হইলো? এমপি কাঁয়, সেইটা কন তো?’
ওই শোভাযাত্রা প্রসঙ্গে টুটুল চৌধুরী বলেন, ‘বিনা ভোটে নির্বাচিত সাংসদ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী দলের নেতা-কর্মীদের প্রাধান্য দেন না। তিনি দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়েছেন। তাই আগামী সংসদ নির্বাচনে আমি দল থেকে ভোট করার ঘোষণা দিয়েছি। এতে সাংসদ বিচলিত হয়ে এলাকায় নিজের অবস্থান শক্ত দেখাতে এই আয়োজন করেন। তিনি জামায়াত-শিবিরের নেতা-কর্মী-ক্যাডার ও কতিপয় ইউপি চেয়ারম্যান-সদস্যদের প্রকল্প দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটরসাইকেল মহড়ায় লোকজন এনেছেন।’
তবে সাংসদ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী বলেন, ‘মোটরসাইকেল শোভাযাত্রাটি ছিল জঙ্গিবিরোধী। দলীয় নেতা-কর্মীরা নিজ উদ্যোগে আমাকে নিয়ে এ শোভাযাত্রা করেন। আর প্রধানমন্ত্রী পুরস্কৃত হওয়ায় ও বদরগঞ্জ ডিগ্রি কলেজকে সরকারীকরণের ঘোষণায় ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে চাচাতো ভাইকে ক্ষমতা দেখানোর কিছু নেই।’