মোদি-খালেদা বৈঠকে কী আলোচনা হয়েছে জানতে চান হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠকে কী আলোচনা হয়েছে তা জানতে চেয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। গতকাল শুক্রবার নাটোরের লালপুরে আওয়ামী লীগের প্রয়াত নেতা ও সাবেক সাংসদ মমতাজ উদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি মোদি-খালেদা বৈঠকের প্রসঙ্গ তোলেন।
এই স্মরণসভায় মমতাজ উদ্দিনের স্ত্রী ও দুই সন্তানের কেউ উপস্থিত ছিলেন না। লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন মাহবুব উল আলম। উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস, নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান খান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নাটোর-১ আসনের সাংসদ ও প্রয়াত মমতাজ উদ্দিনের ভাই আবুল কালাম আজাদ।
স্মরণসভায় লালপুর ও আশপাশের বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মীর উপস্থিতি চোখে পড়লেও সভাস্থলে মমতাজ উদ্দিনের স্ত্রী ও সাবেক সাংসদ শেফালী মমতাজ বা তাঁদের সন্তানদের কাউকে দেখা যায়নি। এ ব্যাপারে তাঁদের বড় সন্তান শামীম আহম্মেদ জানান, ‘আমাদের আমন্ত্রণ জানানো হয়নি। এটা দুর্ভাগ্যজনক।’ এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘এটা আমার কাছেও ভালো লাগেনি। তাঁদের মঞ্চে না রাখা ঠিক হয়নি। শেফালী মমতাজ সাবেক নারী সাংসদ ও মমতাজ উদ্দিনের স্ত্রী। তাঁর এখানে থাকার যৌক্তিকতা ছিল।’
২০০৩ সালের ৬ জুন সন্ধ্যায় মমতাজ উদ্দিন নিজ বাড়িতে ফেরার সময় লালপুরের বাওড়ায় দুর্বৃত্তদের হাতে খুন হন।
স্মরণসভায় মাহবুব উল আলম বলেন, বিএনপি সব সময় ভারতবিরোধী রাজনীতি করে আসছে। অথচ ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের খবর প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে বিএনপি ব্যস্ত হয়ে ওঠে। তিনি বলেন, এর আগে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এসেছিলেন ঢাকায়। সে সময় তিনি (খালেদা) ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ না করে হরতাল পালন করেন।