মোদি বিএনপির জঙ্গিবাদী রাজনীতি প্রত্যাখ্যান করেছেন: মতিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিয়া চৌধুরী । ফাইল ছবি
মতিয়া চৌধুরী । ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপির ধ্বংসাত্মক ও জঙ্গিবাদী রাজনীতি প্রত্যাখ্যান করেছেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। তিনি বলেন, বিএনপির রাজনীতি যেভাবে ভারতের প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাখ্যাত হয়েছে সেভাবে বেগম খালেদা জিয়াও দেশের মানুষের কাছে প্রত্যাখ্যাত হবেন।
মতিয়া চৌধুরী সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, ১৯৭৪ সালে স্বাক্ষরিত মুজিব-ইন্দিরা চুক্তিকে গোলামির চুক্তি এবং দেশের পররাষ্ট্র নীতিকে নতজানু পররাষ্ট্র নীতি হিসেবে আখ্যায়িত করেছিল ভারত-বিরোধী বিএনপি। তিনি বলেন, এ চুক্তি যে দাসত্বের চুক্তি ছিল না তা বিএনপি স্বীকার করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ যে একটি পরিপূর্ণ মানচিত্র পেয়েছে তা অনুধাবন করতে পেরেছে।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিএনপি ভারত বিরোধী দল নয় ঘোষণার মধ্য দিয়ে তারা যে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে তা প্রমাণ হয়ে গেছে। তিনি বলেন, এক সময় বিএনপি মুজিব-ইন্দিরা চুক্তিকে গোলামির চুক্তি বলেছিল। আর তারা এখন এ চুক্তিকে স্বাগত জানিয়েছে। বিএনপি তাদের পশ্চিমা প্রভুদের সামর্থ্য সম্পর্কে জানতে পেরে এবং দেশের মানুষ তাদের সঙ্গে নেই বুঝতে পেরে ভারতের আনুকূল্য লাভে তৎপর হয়েছে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপি থেকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান পদত্যাগ না করলে অচিরেই এ দলটি মুসলিম লীগের ভাগ্য বরণ করবে। তাদের কোন নেতা-কর্মীদের খুঁজে পাওয়া যাবে না।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, মুকুল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।