মোদির সফরে জনগণ হতাশ হয়েছে: জামায়াত
জামায়াতে ইসলামী বলেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কার্যকর কোনো সহায়ক পদক্ষেপ দৃশ্যমান হয়নি। সার্বিকভাবে এই সফর থেকে জনগণের প্রত্যাশা পূরণ না হওয়ায় তারা হতাশ হয়েছে।
জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গতকাল রোববার এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে তিনি ১ জুন ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে দেওয়া বিবৃতির কথাও উল্লেখ করেন।
গতকালের বিবৃতিতে দাবি করা হয়, এই সফরে যেসব চুক্তি ও প্রটোকল সই হয়েছে তার সব কার্যত ভারতের প্রয়োজনেই সম্পাদিত হয়েছে। তিস্তা ও ফেনীর মুহুরী নদীর পানির ন্যায্য হিস্যা পাওয়ার বিষয়ে কোনো আলোচনা না হওয়ায় বাংলাদেশের জনগণ হতাশ হয়েছে। এ ছাড়া দু দেশের মধ্যে বিদ্যমান অসম বাণিজ্য, টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধ, অপদখলকৃত ভূমি হস্তান্তর, অনিষ্পন্ন সীমানা নির্ধারণ এবং পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের সীমান্ত বিরোধের কোনো সমাধান এ সফরের মাধ্যমে জনগণ পায়নি।
বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে এ দেশের জনগণ আশা করেছিল জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক দেশসমূহের আহ্বানের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর এ সফর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের প্রত্যাশা পূরণ করবে। কিন্তু দেশের জনগণের কাছে গণতন্ত্র প্রতিষ্ঠায় কার্যকর কোনো সহায়ক পদক্ষেপ দৃশ্যমান হয়নি। সার্বিকভাবে নরেন্দ্র মোদির সফর থেকে দেশের জনগণের প্রত্যাশা পূরণ না হওয়ায় জনগণ হতাশ হয়েছে।’