মোদির সফরে বাংলাদেশ লাভবান হয়েছে: তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর বাংলাদেশের জন্য লাভজনক হয়েছে। তিনি ভারতের তুলনায় বাংলাদেশ কম পেয়েছে বলে গণমাধ্যমে যেসব কথা লেখা হচ্ছে, তা ঠিক নয় বলেও মন্তব্য করেন।
আজ শুক্রবার ভোলা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘শিল্পী সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের পণ্যবাহী গাড়ি এখন সরাসরি নেপাল, ভুটানসহ ভারতের পূর্বাঞ্চলের সাতটি প্রদেশে যেতে পারবে। এর ফলে রপ্তানি বাড়বে। এ ছাড়া ভারতের মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের ফলে দেশের রাজস্ব আয় বাড়বে বলেও দাবি করেন তিনি।
এ সময় সমালোচকদের উদ্দেশ করে তোফায়েল আহমেদ বলেন, কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করার সময়ও অনেকে সমালোচনা করেছিল। আজ তাঁদের কপালে কালি পড়েছে। কুইক রেন্টালের কারণে দেশের ৬০-৭০ শতাংশ পরিবার বিদ্যুতের সুবিধা পাচ্ছে।
বাণিজ্যমন্ত্রী শিল্পী সম্মাননা বিতরণ অনুষ্ঠানে নাটক, আবৃত্তি, লোকজ গান ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য গুণীজনদের ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেন। জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি জেলা প্রশাসক মো. সেলিম রেজা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।