মোরগ নিয়ে কাড়াকাড়ি, সমাধান লটারিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীদের গতকাল সোমবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় সদস্য পদপ্রার্থীদের মধ্যে ‘মোরগ’ প্রতীক নিয়ে রীতিমতো লড়াই শুরু হয়ে যায়। পরে রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে সমঝোতা করার পরামর্শ দেন। তাতেও সমাধান না হওয়ায় লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, পেকুয়া সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী ছয়জন। তার মধ্যে পাঁচজন প্রার্থীই মোরগ প্রতীক চান। রিটার্নিং কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরী প্রার্থীদের মধ্যে সমঝোতা করার পরামর্শ দেন। কিন্তু তাতে সমাধান না হওয়ায় লটারি হয়। লটারিতে মোরগ প্রতীক পান ওসমান গনি। একইভাবে ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সাতজন প্রার্থীর পাঁচজনই মোরগ প্রতীক চান। লটারিতে মাহবুবুল আলম মোরগ প্রতীক পান। ৯ নম্বর ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী নয়জন। মোরগ প্রতীক চান চারজন। লটারিতে মোরগ প্রতীক পান লিয়াকত আলী।
১ নম্বর ওয়ার্ডে মোরগ প্রতীক পাওয়া ওসমান গনি প্রথম আলোকে বলেন, ‘মোরগ ভাগ্যের প্রতীক। আমার কর্মী-সমর্থকেরাও মোরগ পেয়ে অনেক খুশি হয়েছে।’
পেকুয়া সদর ও রাজাখালী ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হাসান মুরাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মোরগ প্রতীক নিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে। প্রতিটি ওয়ার্ডে মোরগ প্রতীক নিয়ে লটারি করতে হয়েছে। প্রার্থীরা পছন্দের প্রতীক পাওয়াকে নির্বাচনী কাজে অনেকটা এগিয়ে থাকা মনে করেন। এ কারণে কেউ কাউকে ছাড় দিতে চাননি।’
টৈটং ইউপির ৫ নম্বর ওয়ার্ডের পাঁচজনের মধ্যে তিনজন প্রার্থী মোরগ প্রতীক চান। পরে বর্তমান ইউপি সদস্য কবির আহমদ মোরগ প্রতীক ছেড়ে দিয়ে তালা প্রতীক নেন। অন্য দুজনের মধ্যে লটারি হলে জমির উদ্দিন মোরগ প্রতীক পান। তিনি বলেন, ‘আমার পছন্দের প্রতীক পেয়েছি। নিজেকে ভাগ্যবান মনে করছি।’
পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, পেকুয়া সাত ইউপির ৭০ ভাগ সদস্য পদপ্রার্থী মোরগ প্রতীক পেতে লড়াই করেছেন। শেষ পর্যন্ত লটারির মাধ্যমে প্রতীকের বিষয়টি মীমাংসা করতে হয়েছে।