মোল্যা ওলিয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা মোল্যা ওলিয়ার রহমানের আজ বুধবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ শোক র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে।
২০১৪ সালের ২৩ নভেম্বর সকালে উপজেলা পরিষদের কাছে নওয়াপাড়া বাইপাস সড়কে মোটরসাইকেল আরোহী তিনজন সন্ত্রাসী মোল্যা ওলিয়ার রহমানকে গুলি চালিয়ে হত্যা করে। তিনি অভয়নগর উপজেলা আওয়ামী লীগের বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার অভয়নগর উপজেলা প্রতিনিধি, নওয়াপাড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সংসদের সদস্য, ১২টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত অভয়নগর শ্রমজীবী সমন্বয় পরিষদ ও নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সির সাধারণ সম্পাদক ছিলেন।
এ হত্যাকাণ্ডের পরদিন নিহতের স্ত্রী নূরজাহান বেগম বাদী হয়ে তিনজন মোটরসাইকেল আরোহীসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি হত্যা মামলা এবং যশোর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের মোল্যা বাদী হয়ে সাতজনকে আসামি করে অস্ত্র আইনে অভয়নগর থানায় আরেকটি মামলা করেন।
মোল্যা ওলিয়ার রহমানের স্ত্রী নূরজাহান বেগম বলেন, ‘মামলার কী অবস্থা তা বলতে পারব না। আমি স্বামী হত্যার বিচার চাই।’
অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, মুক্তিযোদ্ধা মোল্যা ওলিয়ার রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের কর্মসূচি নেওয়া হয়েছে।