মোল্লাহাটে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার উপজেলার মৌপুরা ও আস্তাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম জানান, উপজেলার চুনখোলা ইউনিয়নের মৌপুরা গ্রাম ও উদয়পুর ইউনিয়নের আস্তাইল গ্রাম পাশাপাশি অবস্থিত। মৌপুরা গ্রামের এনায়েত চৌধুরী ও আস্তাইল গ্রামের ইউপি সদস্য সেন্টু খাঁর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ববিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে গতকাল সকালে সেন্টুর সমর্থকেরা আস্তাইল গ্রামে এনায়েতের এক সমর্থককে মারধর করেন। খবর পেয়ে এনায়েত চৌধুরীর সমর্থকেরা ছুটে আসেন। এ সময় দুই পক্ষ লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। এক পর্যায়ে দুই গ্রামেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এক ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ ব্যক্তি জখম হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ১৬টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি আরও বলেন, আহত ব্যক্তিরা আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।