মোহাম্মদ আলীর প্রতি সম্মান দেখায়নি সরকার: বিএনপি
কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম জড়িয়ে থাকায় সরকার তাঁর প্রতি যথাযথ সম্মান দেখায়নি বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির নেতারা বলেছেন, সরকারের উচিত ছিল জাতীয় পর্যায়ে তাঁর স্মৃতির প্রতি যথোপযুক্ত সম্মান দেখানো।
গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মোহাম্মদ আলীর স্মরণসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহম্মদ এ অভিযোগ করেন। ‘ক্রীড়া, শান্তি, মানবতার শিল্পী বিশ্বসেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর স্মরণে’ বিএনপি এ সভার আয়োজন করে।
স্মরণসভায় মওদুদ আহমদ সর্বকালের অন্যতম সেরা এই ক্রীড়াবিদকে জিয়াউর রহমানের সময় সম্মানসূচক নাগরিকত্ব দেওয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘যে দেশ তাঁকে নাগরিকত্ব দিয়েছে, যে দেশ সম্পর্কে তিনি (মোহাম্মদ আলী) বলেছেন, “স্বর্গ যদি দেখতে চাও, বাংলাদেশে যাও’ সরকারের উচিত ছিল, জাতীয় পর্যায়ে তাঁর স্মৃতির প্রতি যথোপযুক্ত সম্মান দেখানো। তা হলে বাংলাদেশ বড় হতো। সেই দেশের সরকারের এই আচরণ ও মনোভাবের আমরা তীব্র নিন্দা জানাই।’
বিএনপির এই নেতা বলেন, ‘শহীদ জিয়াউর রহমান মোহাম্মদ আলীকে দাওয়াত দিয়েছিলেন, আজকে যে সব খবরের কাগজে মোহাম্মদ আলীর যে সংবাদ ছাপা হয়েছে, তাতে সবকিছু আছে শুধু জিয়াউর রহমানের নামটা নাই। কেন? অসুবিধা কী? জিয়ার নাম না দেন, মোহাম্মদ আলীকে সম্মানটা দেখান, তাঁর প্রতি শ্রদ্ধা জানান।’ তিনি বলেন, ‘তাঁর (মোহাম্মদ আলী) স্মরণে, তাঁর দাফন অনুষ্ঠানে আমাদের দেশের একজন প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতকে বলতে পারতেন সেখানে অংশ নিতে।’
মওদুদ আহমদ বলেন, ‘তাঁর মৃত্যুতে সরকার একটা কিছু করল না। কী অসুবিধা হতো যদি মোহাম্মদ আলীর স্মরণে আজকে জাতীয় পতাকা অর্ধনমিত থাকত, এমনকি তাঁর স্মরণে জাতীয় পর্যায়ের একটা অনুষ্ঠান করা হতো। এতে কারও সম্মান নষ্ট হতো না।’
সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মাহবুবুর রহমান বলেন, শান্তির জন্য এবং বর্ণবাদের বিরুদ্ধে মোহাম্মদ আলী তাঁর কর্মকাণ্ডের জন্য বিশ্ববাসীর কাছে, বাংলাদেশের মানুষের কাছে চিরঞ্জীব হয়ে থাকবেন।
সভাপতির বক্তব্যে দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহম্মদ বলেন, মোহাম্মদ আলী শুধু যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন না, তিনি ছিলেন বিশ্ব নাগরিক। তাঁকে নাগরিকত্ব দিয়ে বাংলাদেশ ধন্য হয়েছে।
স্মরণসভায় আরও বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, ক্রীড়াবিষয়ক সম্পাদক আবদুল লতিফ খান, সাবেক মুষ্টিযোদ্ধা গিয়াসউদ্দিন, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক প্রমুখ।