মৌলবাদীদের মাধ্যমে আল-কায়েদার বিস্তার ঘটতে পারে: হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আল-কায়েদা এ দেশের মৌলবাদী ধর্মীয় সংগঠনগুলো, বিশেষ করে যারা যুদ্ধাপরাধী এবং বিভিন্ন সময় ঘাতক হিসেবে চিহ্নিত হয়েছে, তাদের মাধ্যমেই সংগঠনটির বিস্তারের চেষ্টা করতে পারে।
আজ শুক্রবার দুপুরে তিনি কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের বাড়িতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এমন আশঙ্কা প্রকাশ করেন।
হানিফ বলেন, যেকোনো মূল্যে এ ধরনের তত্পরতা (আল-কায়েদার) প্রতিরোধ ও প্রতিহত করা হবে। সরকার তত্পর ও সজাগ আছে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, স্বাধীনতার মুক্তিযুদ্ধকে স্তব্ধ করে দেওয়ার জন্য ওই সময় জাতিসংঘে বিল উত্থাপনসহ অনেক কিছু করা হয়েছিল। তখন থেকে পশ্চিমা বিশ্বের অনেক দেশ আওয়ামী লীগের প্রতি নেতিবাচক ধারণা করা আসছে।
কুষ্টিয়া-৩ আসনের সাংসদ হানিফ বলেন, যুদ্ধাপরাধের বিচারকাজ শুরু হওয়ার পরই পশ্চিমা অনেক দেশ থেকে এই বিচার বন্ধের জন্য চাপ প্রয়োগ করা হয়েছে। বারবার বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এসব দিক বিবেচনা করে তাদের ভেতর থেকে কোনো ষড়যন্ত্র এই সরকারের বিরুদ্ধে থাকতে পারে, থাকাটা অস্বাভাবিক নয়। বিষয়টাকে উড়িয়ে দেওয়া যায় না।
এ সময় সেখানে শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু তৈয়ব বাদশা, জেলা ছাত্রলীগের সভাপতি আলী মর্তুজা খসরুসহ দলের অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।