মৎস্যমন্ত্রীকে দল থেকে বহিষ্কার দাবি যুবলীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাংসদ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হককে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা যুবলীগ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং সাধারণ সম্পাদক আল মামুন সরকারের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে ছায়েদুল হকের দেওয়া বক্তব্যের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে জড়িয়ে মন্ত্রী ছায়েদুল হকের দেওয়া বক্তব্য সম্পূর্ণ অসত্য ও আপত্তিকর। তাঁর এমন বক্তব্যে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। বক্তারা সাত দিনের মধ্যে ছায়েদুল হককে তাঁর বক্তব্য প্রত্যাহারের সময় বেঁধে দেন। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে জেলা আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সমন্বয় না করে ছায়েদুল হক এককভাবে প্রার্থী মনোনয়ন করেন ও দল মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন—এমন অভিযোগে ২৩ সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় ছায়েদুল হককে দলের উপদেষ্টার পদ থেকে অব্যাহতির সুপারিশ করা হয়। এটি এখন কেন্দ্রের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
পরে এ বিষয়ে একটি গণমাধ্যমকে ছায়েদুল হক বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের অনুরোধেই তিনি নাসিরনগরে প্রার্থী বাছাইয়ে যুক্ত হন। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ১ কোটি ১৫ লাখ টাকার মনোনয়ন-বাণিজ্যের মাধ্যমে তাঁর মনোনীত প্রার্থী বদল করেন।
গতকাল সন্ধ্যায় যোগাযোগ করা হলে ছায়েদুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আনা আর্থিক অনিয়ম সম্পর্কে দেওয়া আমার বিবৃতি সম্পূর্ণ সত্য। সত্য বলতে কোনো ভয় নেই। সত্য কথা প্রত্যাহারের কোনো প্রশ্নই ওঠে না। তা ছাড়া, তাঁদের দুজনের জন্যই ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগ এখন অন্য পথে হাঁটছে।’ মন্ত্রী আরও বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগ নেতাদের চরিত্র ভালো না। টাকার জন্য তাঁরা আগেও এমন করেছেন। আমি একজন নির্বাচিত উপদেষ্টা। গঠনতন্ত্র অনুযায়ী জেলা আওয়ামী লীগ একজন উপদেষ্টাকে দল থেকে বহিষ্কার করতে পারে না। আর যুবলীগ আমাকে দল থেকে বহিষ্কারের কে?’
মন্ত্রীর বক্তব্যের বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রথম আলোকে বলেন, মন্ত্রী সম্পূর্ণ মিথ্যা বলছেন। কারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) নাসিরনগরের দুই ইউনিয়নে কেন্দ্র থেকে প্রার্থী দেওয়া হয়েছিল। তা ছাড়া, মন্ত্রীর নির্দেশে নাসিরনগরে উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম চলে। সেখানে উপজেলা আওয়ামী লীগের কোনো কার্যক্রম নেই।