ময়মনসিংহে একই জায়গায় স্বেচ্ছাসেবক দলের দুটি পক্ষ গতকাল শনিবার পাল্টাপাল্টি সমাবেশ করেছে। সংগঠনের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আলাদাভাবে পালন করেছে বিএনপির দুটি পক্ষ। গতকাল জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বাধীন দুটি অংশ এ কর্মসূচি পালন করে।
দলীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল আমিন ও সাধারণ সম্পাদক রফিকুল আলমের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল দুই ধারায় বিভক্ত। গতকাল দুপুর ১২টায় ময়মনসিংহ শহরের হরিকিশোর রায় সড়কে অবস্থিত জেলা দক্ষিণ বিএনপির কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই পক্ষই সমাবেশ ডাকে। এতে নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা যায়।
দুই পক্ষের কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সকাল থেকে পুলিশের সদস্যরা বিএনপির কার্যালয় ঘিরে রাখেন। দুপুর ১২টার দিকে সভাপতি পক্ষের নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে এলে পুলিশ বাধা দেয়। কিছুক্ষণ পর দলীয় কার্যালয়ের ভেতর সংক্ষিপ্ত সমাবেশ করার শর্তে পুলিশ দুই পক্ষকেই অনুমতি দেয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের বেষ্টনীর ভেতর সাধারণ সম্পাদক রফিকুল আলমের অংশের সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।
কিছুক্ষণ পর সভাপতি পক্ষের সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি শহিদুল আমিন উপস্থিত না থাকলেও শহর বিএনপির সভাপতি এ কে এম শফিকুল ইসলাম, জেলা দক্ষিণ যুবদলের সভাপতি শামীম আজাদ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল আলম বলেন, এই বিরোধ অনেক বছরের। নতুন কমিটি না হওয়ায় বিরোধ মেটার কোনো সম্ভাবনা নেই। এ প্রসঙ্গে সভাপতি শহিদুল আমিন বলেন, ‘আমি চেষ্টা করেছিলাম বিরোধ মিটিয়ে একসঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার জন্য। কিন্তু কিছু ব্যক্তির ব্যক্তিগত অনিচ্ছার কারণে তা করা সম্ভব হয়নি।’
মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের নেতৃত্বাধীন অংশ গতকাল বেলা একটার দিকে শহরের সৈয়দ মুজতবা আলী সড়কের একটি রেস্তোরাঁয় সভা করে। অপরদিকে সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বাধীন অংশ গতকাল বেলা একটার দিকে পৌর মিলনায়তনে আলোচনা সভা করে।