ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় ময়মনসিংহের পরানগঞ্জে আহত এনামুল হক (২৮) ও রাজশাহীর বাগমারায় গুলিবিদ্ধ জাহিদ হাসান (৩৪) নামের আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নির্বাচনী সহিংসতায় এ পর্যন্ত মোট ৬৭ জনের প্রাণ গেল।
এ ছাড়া গত রোববার রাতে এবং গতকাল সোমবার দেশের বিভিন্ন এলাকায় হামলা, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহ: নিহত এনামুল হকের বাড়ি পরানগঞ্জ ইউনিয়নের বীর বওলা গ্রামে। তাঁর বাবার নাম আবু বক্কর সিদ্দিক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরানগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সদস্য পদে পরাজিত প্রার্থী জমশেদ আলীর সমর্থকেরা গত রোববার দুপুরে বিজয়ী মো. বাবুলের কর্মীদের ওপর হামলা করেন। এতে বাবুলের আট সমর্থক আহত হন। মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত এনামুলকে বিকেলেই ঢাকায় স্থানান্তর করা হয়। পরে রাত ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাজশাহী: নিহত জাহিদ হাসান ওরফে বুলু বাগমারার আউচপাড়া ইউনিয়নের কোন্দা গ্রামের মুক্তিযোদ্ধা সোহরাওয়ার্দীর ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাগমারা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গত শনিবার আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সরদার জান মোহাম্মদ ও বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলামের সমর্থকদের সঙ্গে পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হন জাহিদ। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর গতকাল সোমবার ভোরে তিনি মারা যান। এ নিয়ে এ সংঘর্ষের ঘটনায় তিনজনের মৃত্যু হলো।
কুড়িগ্রাম: ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব আলী দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করেছেন বলে অভিযোগ করে তাঁকে লাঞ্ছিত করার ঘটনার জেরে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসব সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে শাহীন মিয়া নামের একজনের বাবা নুরুল হক ছেলেকে মারধরের খবর শুনে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল সোমবার ভোরে মারা গেছেন।
রাজারহাটের ছিনাই ইউনিয়নে নির্বাচনে বিজয়ী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. নুরুজ্জামান সরকার এবং পরাজিত আওয়ামী লীগ প্রার্থী মো. সাদেকুল হক নুরুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
যশোর: গতকাল বিকেলে ঝিকরগাছা উপজেলার রাজবাড়িয়া এলাকায় শংকরপুর ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান মো. নেসারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি জামায়াতে ইসলামীর শংকরপুর ইউনিয়নের সেক্রেটারি। গুরুতর অবস্থায় তাঁকে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তাঁর ভাইয়ের ছেলে শাহিনুর রহমান ঝিকরগাছা থানায় মামলা করেছেন।
সাভার: গতকাল দুপুরে ঢাকার সাভারে ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারধরের ঘটনা ঘটে। এ সময় এক সাংবাদিকসহ পাঁচজন আহত হন। ঘটনার সময় বেশ কয়েকটি গুলির শব্দও শোনা যায়।
টাঙ্গাইল: দেলদুয়ার উপজেলার আটিয়া ইউপি নির্বাচনে পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেনের সমর্থকেরা গতকাল সকালে উপজেলা পরিষদ ভবনে ভাঙচুর ও থানায় হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দেলদুয়ার থানার পরিদর্শক (তদন্ত) ওসমান গণিসহ ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি রাবার বুলেট, ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে।
রাজবাড়ী: পাংশার কলিমোহর, হাবাসপুর, সরিষা ও মৌরাট ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সহিংসতায় চার ব্যক্তি আহত ও বেশ কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।