প্রতিনিধি সম্মেলনের অনুমতি পায়নি ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জানমালের ক্ষতির শঙ্কার কথা উল্লেখ করে গতকাল মঙ্গলবার লিখিতভাবে সংগঠনটিকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন।
আজ বুধবার ময়মনসিংহের তারেক আল নূর মিলনায়তনে এই সম্মেলন হওয়ার কথা ছিল।
অনুমতি না পাওয়ায় সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধি সম্মেলন স্থগিত করা হয়েছে। গতকাল বিকেলে শহরের হরি কিশোর রায় সড়কে জেলা দক্ষিণ বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে জেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে প্রতিনিধি সম্মেলন করার উদ্দেশ্যে ১৩ নভেম্বর প্রশাসনের কাছে লিখিত আবেদন করি। সম্মেলনের সব ধরনের প্রস্তুতি নেওয়ার পর অনুমতি না দেওয়ার বিষয়টি প্রশাসন লিখিতভাবে জানিয়েছে। সরকার শুধু মুখেই গণতন্ত্রের কথা বলে, বাস্তবে দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই।’
সংবাদ সম্মেলনে জেলা দক্ষিণ বিএনপির সভাপতি এ কে এম মোশাররফ হোসেনসহ জেলা দক্ষিণ ও উত্তর বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘খোঁজ নিয়ে জেনেছি দলের ভেতরে বিভাজন আছে। একটা অংশ প্রয়োজনে বোমাবাজি করে হলেও সম্মেলন প্রতিহত করতে উদ্যত হবে। এই আশঙ্কা থেকেই জানমালের ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে অনুমতি দিইনি।’