ময়মনসিংহে জমি অধিগ্রহণ নিয়ে চরবাসীকে রওশন এরশাদের আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে বিভাগীয় কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয় ও আধুনিক নগর গড়ে তোলার জন্য জমি অধিগ্রহণ নিয়ে চরাঞ্চলবাসীর আপত্তি রয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন জাতীয় সংসদে বিরোধী দলের নেতা ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সাংসদ বেগম রওশন এরশাদ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের তারেক স্মৃতি মিলনায়তনে সেরা করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রওশন এরশাদ চরাঞ্চলের মানুষদের উদ্দেশে এই আশ্বাস দেন। তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘ময়মনসিংহে আসলে আমার খুব ভালো লাগে। তাই বারবার ছুটে আসি। ময়মনসিংহের মানুষের মাঝে আমি আমার বাবা-মায়ের ছায়া খুঁজে পাই। বিভাগীয় কার্যালয় ও আধুনিক ময়মনসিংহ নগরের জন্য চরাঞ্চলের জমি অধিগ্রহণের বিষয়টি নিয়ে চরের মানুষ আমাকে বলেছেন, যেন তাঁদের বসতভিটা না নেওয়া হয়। আমি ময়মনসিংহের বিভাগীয় কমিশনারকে বিষয়টি জানিয়েছি। প্রধানমন্ত্রীর সাথেও কথা বলব।’
ময়মনসিংহ কর অঞ্চল আয়োজিত সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠানে ময়মনসিংহ কর অঞ্চলের কমিশনার আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাংসদ ফখরুল ইমাম, সাংসদ সালাহউদ্দিন মুক্তি, সাংসদ ফাহমি গোলন্দাজ, বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক জহিরুল হক ও গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তারা কর প্রদানের গুরুত্ব তুলে ধরে নিয়মিত কর প্রদানের জন্য সবাইকে উৎসাহিত করেন।