ময়মনসিংহে হাইকোর্টের বেঞ্চ চান রওশন
জনসংখ্যা বিবেচনায় ময়মনসিংহে হাইকোর্টের একটি বেঞ্চ চান বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকার বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি আয়োজিত ময়মনসিংহ জেলার ২২৯ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি অনুষ্ঠানে জাতীয় ও রাজনৈতিক বিষয়ে কোনো বক্তব্য দেননি। তাঁকে আমন্ত্রণ জানানোয় আয়োজকদের তিনি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বেগম রওশন এরশাদ বলেন, বৃহত্তর ময়মনসিংহে প্রায় ছয় কোটি মানুষ বাস করে। এখানে হাইকোর্টের একটি বেঞ্চ দরকার। মানুষকে অনেক কষ্ট করে ঢাকা শহরে মামলা-মোকদ্দমার জন্য আসতে হয়। তিনি ব্রহ্মপুত্র নদের খননের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
প্রবীণ সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহাত খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রেস) মাহবুবুল হক শাকিল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক আমানুল্লাহ কবির, তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ, ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মোল্লা জালাল ও সাধারণ সম্পাদক নূরুল হাসান খান।