বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, যত প্রতিবন্ধকতা আসুক, নির্বাচনে শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে বিএনপি। বিএনপি-সমর্থিত মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের ভোট দিয়ে জনগণ নীরব বিপ্লব ঘটাবে। মানুষ তাঁদের দুঃখ ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবে।
গতকাল শুক্রবার বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের সমন্বয় কমিটির সভার আগে মওদুদ আহমদ সাংবাদিকদের এসব কথা বলেন। মওদুদকে আহ্বায়ক করে গতকাল জোটের সমন্বয় কমিটি করা হয়। কমিটিতে ১৯ জন যুগ্ম আহ্বায়কের নাম প্রকাশ করা হয়। এতে ১৯ নম্বর নামটি ছিল ঢাকা উত্তরে ইগল প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করা বিকল্পধারা বাংলাদেশের মাহী বি. চৌধুরীর। এ নিয়ে জোটের এক নেতা সভায় প্রশ্ন তুললে বিএনপির এক নেতা জবাবে বলেন, এটি ছাপার ভুল।
সিটি নির্বাচন সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) জন্য ‘অগ্নিপরীক্ষা’ উল্লেখ করে মওদুদ বলেন, নির্বাচনে ২০ দলের অংশ নেওয়ার উদ্দেশ্য হচ্ছে চলমান আন্দোলন জোরদার করা। ২৮ এপ্রিল অবাধ, সুষ্ঠু নির্বাচন হলে জোট-সমর্থিত মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন বৈষম্যমূলক আচরণ করছে। বৃহস্পতিবার বিএনপি-সমর্থিত ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। নেতা-কর্মীদের বাসায় পুলিশ পাঠিয়ে হয়রানি করা হচ্ছে।
এ সময় ঢাকা উত্তরে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল বলেন, ‘নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে স্বল্প সময়ে যতটুকু সাড়া পেয়েছি, তাতে মনে হচ্ছে, জনগণ অপেক্ষায় আছে ২০ দল-সমর্থিত প্রার্থীকে রায় দেওয়ার জন্য।’ তিনি অভিযোগ করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হয়নি।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, ইনাম আহমদ চৌধুরী, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান প্রমুখ। জোটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শফিউল আলম প্রধান, খন্দকার গোলাম মূর্তজা, জেবেল রহমান গানি, শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।
‘ভয়ংকর বৈষম্যে’র অভিযোগ: সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ অভিযোগ করেন, বিরোধী দল-সমর্থিত প্রার্থীদের প্রচারণায় ‘ভয়ংকর বৈষম্যমূলক’ আচরণ করা হচ্ছে। সরকার একদিকে ২২টি হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে ক্ষমতাসীন দলের প্রার্থীদের মামলা প্রত্যাহার করে নিয়েছে। অন্যদিকে বিরোধী দল-সমর্থিত ঢাকা দক্ষিণের মেয়র পদপ্রার্থী জামিন পাচ্ছেন না।
গণমাধ্যমে প্রকাশিত ঢাকা দক্ষিণে সরকারি দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকনের একটি বক্তব্যের প্রতিবাদ জানান এমাজউদ্দীন আহমদ। তিনি বলেন, ‘সাঈদ খোকনের বক্তব্যে একটি শব্দ আমার কাছে আপত্তিকর মনে হয়েছে। তিনি (সাঈদ খোকন) বলেছেন, জান বাঁচাতে চাইলে ইলিশ মাছ মার্কায় ভোট দিন। এটা একটা হুমকি। এরকম কথা শুনতেও খারাপ লাগে।’
মির্জা আব্বাসের পক্ষে তাঁর স্ত্রী আফরোজা আব্বাসের প্রচারে বংশালে আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়েছে অভিযোগ করে এমাজউদ্দীন আহমদ এর নিন্দা জানান।