যতবার ভাঙার চেষ্টা হয়েছে, ততবারই আওয়ামী লীগ উজ্জ্বল হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে গতকাল পায়রা উড়িয়ে আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা l ছবি: ফোকাসবাংলা
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে গতকাল পায়রা উড়িয়ে আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা l ছবি: ফোকাসবাংলা

আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের দলের প্রাণভোমরা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, এসব ত্যাগী নেতা-কর্মীর কারণেই যতবার দলকে ভাঙার চেষ্টা করা হয়েছে, ততবারই দল আরও উজ্জ্বল ও স্বমহিমায় উদ্ভাসিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় শেখ হাসিনা এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, দলের প্রতি আঘাত একবার আসেনি, বারবার এসেছে। প্রতিষ্ঠাতা সভাপতিই যখন
দল ভেঙে চলে যান, তখন সে দল টিকিয়ে রাখাই কঠিন হয়। সে সময় বঙ্গবন্ধুর মতো ত্যাগী, স্বাধীনচেতা ও বলিষ্ঠ নেতা ছিলেন বলেই দলটি টিকে গেছে। শক্তিশালীও হয়েছে।
শেখ হাসিনা বলেন, শত ষড়যন্ত্র-নির্যাতনও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারেনি। কারণ, দলটির শেকড় অনেক গভীরে। তৃণমূল নেতা-কর্মীরাই যেকোনো ক্রান্তিকালে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘ওপরের নেতারা কখনো কখনো ভুল করেছেন। কিন্তু তৃণমূলের নেতারা কখনো সিদ্ধান্ত গ্রহণে ভুল করেন নাই।’
শেখ হাসিনা আরও বলেন, ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে এ ভূখণ্ডে যা কিছু বিশাল অর্জন, তা আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। তাই আওয়ামী লীগের ইতিহাসের সঙ্গে এ দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম ওতপ্রোতভাবে জড়িত। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪-তে যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬২-র আইয়ুবের সামরিক শাসনবিরোধী আন্দোলন, ১৯৬৪-র দাঙ্গার পর সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, ১৯৬৬-র ছয় দফা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান—সবই পরিচালিত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ফোকাস বাংলা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ ছাড়া জাতীয় চার নেতাসহ দলের পূর্বসূরি নেতা-কর্মী, যাঁদের পরিশ্রম, মেধা ও ত্যাগের বিনিময়ে আওয়ামী লীগ বিশাল সংগঠনে পরিণত হয়েছে, তাঁদের স্মরণ করেন তিনি।
দলের নেতা-কর্মীদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আমি আহ্বান জানাব, একজন রাজনৈতিক নেতা যদি সততার সঙ্গে কাজ করতে পারে, তবে সেই সততাই সবচেয়ে বড় শক্তি। যে শক্তি দিয়ে যেকোনো দুর্যোগ বা দুর্বিপাক মোকাবিলা করা যায়।’ তিনি বলেন, ব্যক্তিস্বার্থ নিয়ে যাঁরা রাজনীতি করেন, তাঁরা হয়তো নিজেদের জন্য অনেক কিছু করতে পারেন, কিন্তু দেশকে কখনো কিছু দিতে পারেন না।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ইফতার পার্টিতে বসে অজস্র মিথ্যা কথা বলে যাচ্ছেন তিনি।
অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, ওবায়দুল কাদের, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, অ্যাডভোকেট সাহারা খাতুন ও সতীশ চন্দ্র রায় এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন: দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রী কিছুক্ষণের জন্য নীরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শেখ হাসিনা দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শেখ হাসিনা জাতীয় পতাকা উত্তোলন এবং কবুতর ও বেলুন উড়িয়ে দলের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় মতিয়া চৌধুরী দলীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে জাতীয় সংগীত গাওয়া হয়।