
যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল রোববার উদ্যাপিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। এদিন মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ছাড়াও আওয়ামী লীগের আয়োজনে দিনব্যাপী জনসভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
দিবসটি উপলক্ষে সকালে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিউগলের সুর বাজিয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মুজিবনগরের আম্রকাননে সূচনা হয় এ দিবসের। মুজিবনগর স্মৃতিসৌধে পতাকা উত্তোলন করেন মেহেরপুরের জেলা প্রশাসক পরিমল সিংহ।
সকাল ১০টায় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শীর্ষস্থানীয় নেতারা। পরে স্মৃতিসৌধের সামনে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন দলটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
জনসভায় প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘সোনার বাংলা গড়তে শেখ হাসিনা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন একটি পক্ষ ষড়যন্ত্র করছে। আমরা সেই দিনের অপেক্ষায়, যেদিন বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা পুরোপুরি বাস্তবায়িত হবে।’
সভাপতির বক্তব্যে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, মুজিবনগর সরকার এ দেশের প্রথম সরকার। সেটা সঠিকভাবে জানতে হবে। এটাকে বিকৃত করা যাবে না। এ জন্য সবাইকে সেদিনের ঘোষণাপত্র পড়তে হবে, প্রত্যেকের বাড়িতে এই ঘোষণাপত্র রাখা উচিত।
এ সময় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, খুলনা বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান, সংসদের হুইপ সোলাইমান হক জোয়ারদার, মেহেরপুর-১ আসনের সাংসদ ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন প্রমুখ।
সন্ধ্যায় আলাদা একটি মঞ্চে বরেণ্য শিল্পী ফরিদা পারভীন, এস আই টুটুল, আঁখি আলমগীর, নকুল কুমার প্রমুখ গান পরিবেশন করেন।
ঢাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা: বাসস জানায়, সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দলের নেতা-কর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকবার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি।
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ইউসুফ হোসেন হুমায়ুন, প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাহারা খাতুন প্রমুখ চৌধুরী উপস্থিত ছিলেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। পরে এ সরকারের রাষ্ট্রপতি মুজিবুর রহমানের নাম অনুযায়ী স্থানটির নামকরণ করা হয় মুজিবনগর।