যদি বিএনপি অংশ না নেয়, তাহলে অস্তিত্ব-সংকটে পড়বে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এটা নির্বাচনের বছর। বিএনপির কোনো তৎপরতা না দেখে অবাক হয়ে যেতে হয়। বিএনপি নামের একটি দল আছে, এটি উপলব্ধি করা যায় না।
ভোলার বোরহানউদ্দিন পৌরসভা মিলনায়তনে আজ বুধবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। এর আগে বাণিজ্যমন্ত্রী ভোলা-২ আসনের (দৌলতখান-বোরহানউদ্দিন) সাংসদ আলী আজমের পক্ষে তাঁর নির্বাচনী এলাকা বোরহানউদ্দিন উপজেলায় ১৫ হাজার পরিবারের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করেন। এ সময় মন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চান।
তোফায়েল আহমেদ বলেন, ‘এটা নির্বাচনের বছর। অথচ বিএনপির কোনো তৎপরতা না দেখে আমি অবাক হয়ে যাই। বিএনপি নামক একটা দল আছে, এটা উপলব্ধি করা যায় না। নির্বাচনকালীন সময়ে বিএনপির তৎপর থাকার প্রয়োজন। আগামী নির্বাচনে যদি বিএনপি অংশ না নেয়, তাহলে অস্তিত্ব-সংকটে পড়বে। আমার কাছে মনে হয়, নির্বাচনে অংশ না নেওয়া বিএনপির জন্য রাজনৈতিক আত্মহত্যা।’ তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদ আছে আগামী বছরের ২৯ জানুয়ারি পর্যন্ত। তার আগের ৯০ দিন আগে যেকোনো দিন নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই সময় বর্তমান সরকার নিয়মিত কাজ পরিচালনা করবে। সরকার কোনো নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবে না। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে।
বিএনপি নেতা মওদুদ আহমদের বক্তব্যের জবাবে তোফায়েল আহমেদ বলেন, নির্বাচনে অংশ নেওয়া, না-নেওয়া যার যার দলের ব্যাপার। আওয়ামী লীগ না চাইলে, বিএনপির বেশি করে নির্বাচনে অংশ নেওয়া উচিত। আওয়ামী লীগ চায়, সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হোক।
গতকাল মঙ্গলবার নোয়াখালীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, আওয়ামী লীগ চায় না নির্বাচনী পরিবেশ সৃষ্টি হোক। আওয়ামী লীগ চায় না বিএনপি নির্বাচনে অংশ নিক। তাঁর এই বক্তব্যের জবাবে তোফায়েল আহমেদ এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, বিএনপি ২০১৪ সালে নির্বাচনে আসেনি। তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেখা হলে বলে, বিএনপি ভুল করেছে। তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, যত কথাই মওদুদ আহমদরা বলুন না কেন, আগামী নির্বাচনে তাঁরা অংশগ্রহণ করবেন। এর আগে তাঁরা একটা গোলযোগ সৃষ্টির চেষ্টা করবেন। তাঁরা এটাও জানেন, গোলযোগ করে তাঁরা সফল হবেন না। বিগত ২০১৩-১৪ সালেও সফল হননি। সুতরাং তাঁরা ব্যর্থতার দিকে যাবেন না।’
এলাকাবাসীর উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, তাঁরা প্রত্যেক বছর ঈদের আগে গরিব-অসহায় মানুষের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করছেন। সারা বছর জনগণের খোঁজ নিচ্ছেন। বোরহানউদ্দিন-দৌলতখানে ব্যাপক উন্নয়ন হয়েছে। আরও রাস্তাঘাট, পুল-কালভার্ট হবে। কোনো রাস্তা কাঁচা থাকবে না। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে।
তোফায়েল বলেন, বিএনপি ক্ষমতায় থেকে মানুষের ওপর অত্যাচার করেছে। বিএনপি আবার ক্ষমতায় এলে আপনাদের বাড়িছাড়া করবে। এ সময় তিনি নৌকার পক্ষে ভোট চান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করার জন্য আহ্বান জানান।
ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন, উপজেলা চেয়ারম্যান মোহাব্বতজান চৌধুরী, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।