যশোরে আ.লীগের দ্বন্দ্ব রাজপথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর জেলা আওয়ামী লীগের বিভক্তি রাজপথে গড়িয়েছে। বিভক্তিটা এত দিন অনেকটা নীরবে থাকলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার তা প্রকাশ্য রূপ নিয়েছে।
জেলা আওয়ামী লীগের দুই পক্ষ গতকাল বিকেলে একই সময়ে দুই জায়গায় পৃথক কর্মসূচি পালন করেছে। এক পক্ষ শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব চত্বরে ও অপর পক্ষ আইনজীবী সমিতি মিলনায়তন চত্বরে সমাবেশ করেছে।
যশোর জেলা আওয়ামী লীগের এক পক্ষের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার ও অপর পক্ষের নেতৃত্বে সদর আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ।
দড়াটানা ভৈরব চত্বরে যশোর জেলা আওয়ামী লীগের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার। জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল খালেকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার, সহসভাপতি মোহাম্মদ আলী রায়হান, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, দপ্তর সম্পাদক মাহমুদ হাসান, জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, সৈয়দ মেহেদি হাসান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
আইনজীবী সমিতি মিলনায়তন চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর-৩ আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ। জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদ, সদর উপজেলা শাখার সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক মেহেদি হাসান, শ্রমিক লীগের নেতা আবদুস সবুর হেলাল প্রমুখ।
জানতে চাইলে শাহীন চাকলাদার বলেন, ‘দুই-চারজন লোক নিয়ে হঠাৎ করে এমপি সাহেব সমাবেশ করলেন। এটা করা ওনার ঠিক হয়নি। জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল সাহেবকে অনেকবার ফোন করে সমাবেশে ডাকা হলেও তিনি আসেননি।’ কাজী নাবিল আহমেদ দলের ঐক্য বিনষ্ট করতে আলাদা কর্মসূচি পালন করেছেন বলেও তিনি মন্তব্য করেন।
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগ অনেক বড় দল; অনেক নেতা-কর্মী। তাই স্থান সংকুলানের জন্য দুই স্থানে সমাবেশ হয়েছে। তা ছাড়া বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে তো সমাবেশ হতেই পারে। দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বলেও তিনি দাবি করেন।