যশোরে আগামীকাল সকাল-সন্ধ্যা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে আসামি করার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার যশোর জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় দলের জেলা কমিটির যুগ্ম সম্পাদক আবদুস সালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ হরতালের ডাক দেওয়া হয়।

এদিকে হরতালের ডাক দেওয়ার পরপরই শহরের দড়াটানা মোড়ে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ সময় আতঙ্কে মানুষ দৌড়াদৌড়ি করতে থাকে। ব্যবসায়ীরা দোকানপাট সাময়িক বন্ধ করে দেন।

গতকাল মঙ্গলবার শেষ রাতের দিকে যশোর শহরের খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক শাহিনুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় বিএনপি ও জামায়াতের ৪৯ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে শিবিরের চার নেতাসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের ও কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতাল ডাকা হলো।’ তবে বিশ্ব ইজতেমার মুসল্লিদের বহনকারী পরিবহন হরতালের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।