যশোরে চাকলাদাররাই সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
  • যশোরের সবকিছুর নিয়ন্ত্রক চাকলাদার পরিবার।
  • কারও কিছু বলার বা করার সাহস নেই।
  • অভিযোগ অস্বীকার শাহীন চাকলাদারের।

যশোরের চিত্রা মোড়ে দাঁড়িয়ে আছে ১৭ তলা একটি নতুন ভবন। চকচক করছে এর গ্লাস আর অ্যালুমিনিয়ামের পাতের বহিরাবরণ। শহরের যেকোনো প্রান্ত থেকেই নজরকাড়া এই ভবনের মালিক যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আবদুস শাহীন চাকলাদার। ক্ষমতার জোরে তিনি এক স্কুলশিক্ষিকার এই জমি কবজা করেছেন। শহরের সবচেয়ে উঁচু এই ভবন জানান দিচ্ছে যশোরের অলিখিত এক অধিপতির কথা, মাত্র দেড় দশকের ব্যবধানে যিনি হয়ে উঠেছেন পুরো যশোরের নিয়ন্ত্রক।

শহরের কেন্দ্রস্থলের এই জায়গায় একসময় ছিল চিত্রা সিনেমা হল। প্রায় পাঁচ বছর আগে সিনেমা হল ভেঙে জায়গা দখলের ক্রীড়নকের ভূমিকায় ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ওরফে আসাদ ওরফে বুনো আসাদ। আসাদ ছিলেন তখন শাহীন চাকলাদারের ক্যাডার। ভবনের একটি অংশে তাঁকে জায়গা দেবেন এমন আশ্বাসে পুরো দখলপ্রক্রিয়া সম্পন্ন করেছিলেন ৩৮টি মামলার এই আসামি। তবে দেনা-পাওনা নিয়ে সমস্যার জেরে আসাদ এখন আর শাহীন চাকলাদারের কাছে ভেড়েন না।

যশোরের বেজপাড়ায় আসাদের সঙ্গে গত ১৮ মার্চ এই প্রতিবেদকের কথা হয়। আসাদের ভাষ্য, জায়গাটির কয়েকজন শরিকের একজন ছিলেন স্কুলশিক্ষিকা আনোয়ারা বেগম। ভাগ-বাঁটোয়ারা নিয়ে সমস্যার সমাধান চেয়ে তিনি শাহীন চাকলাদারের শরণাপন্ন হয়েছিলেন। সমাধানের কথা বলে কৌশলে পুরো জায়গাটিই দখল করে নেন শাহীন। কয়েক কোটি টাকার এই জায়গার বায়না শাহীন করেছিলেন ৯ লাখ টাকায়।

আসাদ জানালেন, তিনি লোকজন নিয়ে জমি দখল করে দেন। বিনিময়ে তিনি সিনেমা হলের জিনিসপত্র বিক্রি করা টাকাগুলো নিয়েছিলেন। তাঁর দাবি, এই জায়গা ছাড়াও শাহীন চাকলাদারের হয়ে তিনি ঘুরুলিয়া গ্রামে ৯৯ শতক জমি দখল করেছিলেন।

১৭ তলা ভবনটির পেছনেই একটি জীর্ণ দোতলা বাড়িতে থাকেন আনোয়ারা বেগম। তাঁর জমি দখলের বিষয়ে জানতে গত ১৯ মার্চ সেই বাড়িতে গেলে তিনি হাত জোড় করে বললেন, ‘আমি এ বিষয়ে কোনো কথা বলতে পারব না। আমাকে ক্ষমা করে দাও।’

শাহীন চাকলাদারের দাবি, সিনেমা হলটি অনেক দেনায় ছিল। সেসব মিটিয়ে ন্যায্যমূল্য দিয়েই তিনি জায়গাটি কিনে নিয়েছিলেন। তাহলে আনোয়ারা বেগম কেন এই বিষয়ে কথা বলতে ভয় পাচ্ছেন, এই প্রশ্নের সদুত্তর দিতে পারেননি শাহীন চাকলাদার।

ক্ষমতার জোরে শাহীন চাকলাদারের এই জায়গা দখল এবং মূল মালিকের হাত জোড় করে কথা বলতে অপারগতা প্রকাশ-এটা কোনো খণ্ডচিত্র নয়। পুরো যশোর শহরের অঘোষিত অধিপতি হয়ে উঠেছেন শাহীন চাকলাদার। তাঁর অনুসারীরা শহর ও শহরতলিতে জমি দখল করছেন; চাঁদাবাজি, অস্ত্র-সোনা-মাদক চোরাচালান, ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ, শহরে অবৈধ জুয়ার বোর্ড পরিচালনা, প্রতিপক্ষকে খুনেও তাঁদের নাম আসছে ঘুরেফিরে। ফলে চাকলাদার পরিবার নিয়ে কথা উঠলেই গলার স্বর নিচু হয়ে যাচ্ছে সবার।

তবে দলীয় বিভক্তির জেরে ক্ষমতাসীন দলের কিছু নেতার বক্তব্যে যশোরের পরিস্থিতি কিছুটা হলেও ফুটে ওঠে। যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ প্রথম আলোকে বলেন, ‘যশোরের সবকিছুর নিয়ন্ত্রক চাকলাদার পরিবার। কিন্তু কারও কিছু বলার বা করার সাহস নেই। আজ কথা বললে কাল তার লাশ শহর বা এর আশপাশে পড়ে থাকে কি না! এই ভয় কাজ করে সবার মাঝে।’

স্থানীয় লোকজন জানান, নব্বইয়ের দশকের শেষের দিকেও শাহীন চাকলাদার নিয়মিত পারিবারিক ওষুধের দোকানে বসতেন। ২০০৯ সালের পর তাঁর প্রভাব-প্রতিপত্তি যেভাবে বেড়েছে, তা মানুষের কাছে কেবলই বিস্ময়। এখন দৃশ্যমান সম্পদের মধ্যে ১৭ তলা ভবন ছাড়াও শহরের কাঁঠালতলা এলাকায় উঠছে তাঁর তিনতলা বাড়ি। রাজধানীর কলাবাগান ও মহাখালী ডিওএইচএস এলাকায়ও রয়েছে বাড়ি। দুটি স্টোন ক্রাশিং ফিল্ড (পাথর ভাঙার প্রকল্প)। পারিবারিক পরিবহন ব্যবসায়েও রয়েছে তাঁর বড় বিনিয়োগ।

শাহীন চাকলাদারের দাবি, ব্যবসা থেকে এসব সম্পদ গড়েছেন তিনি। কী ব্যবসা করেন? শাহীন চাকলাদারের জবাব, ‘এমন কোনো ব্যবসা নাই যে আমাদের নাই। পরিবহন থেকে শুরু করে ওষুধ, তেল, পাথর-সব ধরনের ব্যবসাই রয়েছে।’

চাকলাদার পরিবারের রাজত্ব
২০০৪ সালে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন শাহীন চাকলাদার। এর পাঁচ বছরের মাথায় তিনি আওয়ামী লীগ থেকে যশোর সদর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করে জয়ী হন। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন ২০১৪ সালে।

১৩ বছর আগে আওয়ামী লীগের রাজনীতিতে চাকলাদার পরিবারের কেবল শাহীন সক্রিয় ছিলেন। এখন যুক্ত হয়েছেন এই পরিবারের আরও অনেকে। শাহীনের বড় ভাই আবদুস সালাম চাকলাদার এখন যশোর বাস মালিক সমিতির সভাপতি। তাঁর চাচাতো ভাই ও একসময়কার ব্যবসায়িক সহযোগী মো. জহিরুল ইসলাম চাকলাদার ওরফে রেন্টু চাকলাদার এখন যশোর পৌরসভার চেয়ারম্যান এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। আরেক চাচাতো ভাই তৌহিদ চাকলাদার ওরফে ফন্টু চাকলাদার জেলা যুবলীগের সদস্য। আর ফন্টু চাকলাদারের বড় ভাই আবদুল হামিদ চাকলাদার ওরফে ইদুল চাকলাদার বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতির যশোর জেলা শাখার সহসভাপতি। জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামানও এই বংশের লোক। এ ছাড়া কোনো পদবিতে না থাকলেও শাহীনের আরেক ভাই শামীম চাকলাদার ঠিকাদারি ব্যবসার নিয়ন্ত্রণে রয়েছেন।

যশোরের একাধিক রাজনীতিক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, শাহীন চাকলাদারই আত্মীয়স্বজনের বিভিন্ন পদে বসিয়েছেন। শাহীন চাকলাদার এখন দলের কেন্দ্রীয় নেতাদের পেছনে বেশি সময় দেন। আর মাঠের কার্যক্রম দেখাশোনা করেন চাচাতো ভাই ফন্টু। বছর দশেক আগেও যিনি যশোরে একটি মোবাইল ফোনের দোকান চালাতেন, সেই ফন্টু এখন বিপুল অর্থবিত্তের মালিক।

জমি দখল
প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, যশোর শহরে সরকারি বা ব্যক্তিমালিকানাধীন বিরোধপূর্ণ জায়গা দখলবাজদের প্রধান লক্ষ্যবস্তু। বিভিন্ন স্থানে জমি দখলের নেতৃত্বে রয়েছেন ফন্টু চাকলাদার, যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজি আলমগীর কবির ওরফে হাজি সুমন এবং যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহারুল ইসলাম।

যশোর শহরের রায়পাড়ার জামতলা এলাকায় এক ব্যবসায়ীর তিন বিঘা জায়গা দখলের অভিযোগ রয়েছে ফন্টুর বিরুদ্ধে। সেখানে গড়ে তুলেছেন টাইলস তৈরির কারখানা। গত ২১ মার্চ সেখানে গিয়ে দেখা যায়, প্রাচীর দিয়ে ঘেরা জায়গাটির প্রধান ফটকে লেখা রয়েছে ‘বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ’।

জায়গার মালিক আবদুন নূর থাকেন খুলনায়। তিনি প্রথম আলোকে বলেন, জায়গার মালিকানা এখনো তাঁরই রয়েছে। ফন্টু এবং তাঁর লোকজন জোর করে দখল করে নিয়েছেন। ফন্টু বলছেন, তিনি আবদুন নূরের এক ভাইয়ের জমি কিনে নিয়েছেন।

শহরের নীলগঞ্জ এলাকায়ও জেলা পরিষদের জায়গা দখল করে পাঁচটি পাকা দোকানঘর তুলেছেন এই ফন্টু চাকলাদার। দোকানগুলো ভাড়া দেওয়া হয়েছে কয়েকজন রড, সিমেন্ট ও ঢেউটিন ব্যবসায়ীর কাছে। তাঁরা ফন্টুকে এককালীন বড় অঙ্কের টাকা দিয়েছেন এবং প্রতি মাসে ভাড়া দিচ্ছেন। এ বিষয়ে ফন্টু বলেন, সব নিয়ম মেনেই জেলা পরিষদের কাছ থেকে তিনি জায়গাটি লিজ নিয়েছেন। তবে জেলা পরিষদের চেয়ারম্যান বললেন, নীলগঞ্জের কোনো জায়গা জেলা পরিষদ বরাদ্দ দিয়েছে বলে তাঁর জানা নেই।

যশোরের চাঁচড়া বাজার এলাকায় রাস্তার পাশের জায়গা দখল করে ৫৩টি পাকা দোকানঘর তুলছেন শাহীন চাকলাদারের অনুসারী হাজি সুমন। গত ২০ মার্চ সেখানে গিয়ে দেখা যায়, অধিকাংশ দোকানের নির্মাণকাজ প্রায় শেষ। কয়েকটি দোকানঘরে এরই মধ্যে কাজ শুরু করেছেন কয়েকজন ব্যবসায়ী। তাঁরা জানান, হাজি সুমনকে এককালীন অগ্রিম টাকা দিয়ে মাসিক ভিত্তিতে তাঁরা দোকান ভাড়া নিয়েছেন।

হাজি সুমন প্রথম আলোকে বলেন, জেলা পরিষদের কাছ থেকে তিনি জায়গা বরাদ্দ নিয়ে দোকান তুলেছেন। কিন্তু জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান বলেন, জায়গাটি বেদখল ছিল। জেলা পরিষদের দখলে আনতে তাঁর নির্দেশেই হাজি সুমন সেখানে দোকানঘর নির্মাণ করেছেন।

দোকানগুলো যদি জেলা পরিষদেরই হয়ে থাকে, তাহলে হাজি সুমন কীভাবে ভাড়া দিচ্ছেন বা নিচ্ছেন-এ প্রশ্নে ক্ষিপ্ত হয়ে ওঠেন সাইফুজ্জামান। তিনি বলেন, ‘তোমাকে সাংবাদিকতা করতে কে বলেছে? এই দেশে কি নিয়ম মেনে সবকিছু হয়?’

সরকারি এই জায়গা দখল ছাড়াও হাজি সুমনের বিরুদ্ধে শহরের ভোলার ট্যাংক এলাকায় ১৭ শতক জায়গা, মাইকপট্টি এলাকায় ৪৩ শতক জায়গা দখলের অভিযোগ রয়েছে। ভোলার ট্যাংকের জায়গাটির একজন অংশীদার সাবের আলী প্রথম আলোকে বলেন, ১৭ শতক জায়গার তাঁরা তিনজন অংশীদার। একজনের কাছ থেকে নামমাত্র মূল্যে ৫ শতক জায়গা কিনে নেন হাজি সুমন। এরপর বাকিদের জায়গা থেকে তাঁদের জোর করে তুলে দেয় সুমনের ক্যাডাররা।

হাজি সুমন দাবি করেন, ভোলার ট্যাংকের জায়গাটি তিনি ন্যায্যমূল্যে কিনে নিয়েছেন। আর মাইকপট্টির জায়গা দখলের যে অভিযোগ রয়েছে তা অসত্য।

আরবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহারুল ইসলামের বিরুদ্ধে উপজেলার মাহিদিয়া বিলের প্রায় ১০০ বিঘা জমি দখলের অভিযোগ রয়েছে। গত বছরের ২৮ মে এর প্রতিবাদে বিলপাড়ের শতাধিক কৃষক যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

যশোরের দড়াটানায় ভৈরব নদের তীরে আওয়ামী লীগের কার্যালয় বানানোর জন্য সরকার থেকে একটি জায়গা বরাদ্দ দেওয়া হয়েছিল। বরাদ্দকৃত জায়গায় অন্য কিছু নির্মাণের অনুমতি না থাকলেও সেখানে এখন ‘রাজধানী হোটেল’ নামের একটি হোটেল দাঁড়িয়ে আছে। এ বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান কোনো মন্তব্য করতে রাজি হননি। অভিযোগ রয়েছে, শাহীন চাকলাদার জায়গাটির দখল নিয়েছেন। শাহীন চাকলাদারের দাবি, এখানে কে বা কারা হোটেল তুলেছেন, এ বিষয়ে তাঁর কোনো ধারণা নেই। দলীয় কার্যালয়ের জন্য অন্যত্র জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

তবে রাজধানী হোটেলের মালিক হারুন-অর-রশীদ প্রথম আলোকে বলেছেন, শাহীন চাকলাদারের অনুমতি নিয়ে তিনি এখানে হোটেল করেছেন।

শাহীন চাকলাদারের সঙ্গে সাক্ষাৎ
শাহীন চাকলাদারের সঙ্গে তাঁর উপজেলার চেয়ারম্যান কার্যালয়ে গত ২১ মার্চ কথা হয় এই প্রতিবেদকের। প্রথম প্রশ্ন ছিল, যশোরের পরিস্থিতি কেমন? তাঁর জবাব, ‘মানুষ সুখে এবং শান্তিতে আছে।’

যশোরকে কেন্দ্র করে অবৈধ ব্যবসা, জমির দখল, চাঁদাবাজি, ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ-সবকিছুতে তাঁর হাত রয়েছে; এসব অভিযোগ অস্বীকার করলেন শাহীন চাকলাদার। যখন বিভিন্ন অভিযোগ ধরে ধরে প্রশ্ন করা হচ্ছিল, তখন ক্ষিপ্ত হয়ে ওঠেন এই জনপ্রতিনিধি। তাঁর গলা চড়ে যায়। এই প্রতিবেদক কোনো ‘মিশন’ নিয়ে যশোর গিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। শেষে প্রচ্ছন্ন হুমকিও দেন। বললেন, ‘আমার নামে একটি জাতীয় পত্রিকা রিপোর্ট করেছিল। তিনটি মামলা হয়েছিল। অনেক কান্নাকাটি করার পর সেসব তুলে নেওয়া হয়।’