যা খুশি করেন লাভ নেই, বিএনপিকে নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আপনারা যা খুশি করেন কোনো লাভ নেই। আগামী নির্বাচন এই সরকারের অধীনেই হবে। তিনি বলেন, ‘আমরা নির্বাচনে হেরে যাওয়ার পরও আমাদের ভুলগুলো খুঁজে বের করতাম। কিন্তু বিএনপি এমন না করে স্বচ্ছ নির্বাচনকে বিতর্কিত করছে।’

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশ সাম্যবাদী দলের অষ্টম জাতীয় কংগ্রেসের উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাসিম।

মোহাম্মদ নাসিম বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কোনো কারচুপি হয়নি। এত স্বচ্ছ হওয়া সত্ত্বেও তারা এই নির্বাচন নিয়ে বিতর্কের সৃষ্টি করছে। জনগণ সেলিনা হায়াৎ আইভীকে মন থেকে গ্রহণ করেছে তাই তিনি নির্বাচনে জয়ী হয়েছেন। নির্বাচনে হেরে জনগণকে বিভ্রান্ত করছে, আর তাদের কাজই হচ্ছে বিতর্ক সৃষ্টি করা।

বিএনপি-জামায়াতকে উদ্দেশ করে নাসিম বলেন, ‘তাদের কাজ যেকোনো স্বচ্ছ বিষয়কে বিতর্কিত করে বিভ্রান্তি সৃষ্টি করে। এদের বিরুদ্ধে কঠিন অবস্থান নেব, যেন তারা এসব বিতর্কের জন্ম না দিতে পারে।’

নাসিরনগর হামলা ও সাঁওতালপল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনা উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, দেশের বিভিন্ন স্থানে যে অগ্নিকাণ্ড ও হামলা হচ্ছে, এসবের মূলে রয়েছে বিএনপি ও জামায়াত-শিবির।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে কংগ্রেসে আরও বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার, সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য শহিদুল ইসলাম, এম এ গণি প্রমুখ।